ধানখেতের মাঝখানে পরীক্ষাকেন্দ্র!
চারদিকে ধানখেত। যাতায়াতের রাস্তা ভালো না। নেই সীমানাপ্রাচীর, বিশুদ্ধ খাবার পানি ও বিদ্যুৎ। এসব সমস্যা থাকার পরও একটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়কে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার (জেএসসি) কেন্দ্র করা হয়েছে। আগামী ৪ নভেম্বর এখানে পরীক্ষা নেওয়া হবে। কেন্দ্রটি পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়নের বদরপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে।জেলা মাধ্যমিক শিক্ষাকর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, এবার বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে পটুয়াখালী সদর উপজেলায় দুই হাজার ৪৬৭ জন শিক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। মোট পাঁচটি কেন্দ্রে এ পরীক্ষা নেওয়া হবে। এর মধ্যে চারটি কেন্দ্র জেলা শহরে। এগুলো হচ্ছে—সরকারি জুবিলী, সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, লতিফ মিউনিসিপ্যাল সেমিনারি ও শেরেবাংলা মাধ্যমিক বালিকা বিদ্যালয়। শহরের বাইরের কেন্দ্রের জন্য বদরপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়কে নির্বাচন করে বরিশাল শিক্ষা বোর্ড। জেলা শহর থেকে প্রায় নয় কিলোমিটার দূরে পটুয়াখালী-বরিশাল মহাসড়ক থেকে ২০০ ফুট কাঁচা সরু পথ পেরিয়ে কেন্দ্রটি অবস্থিত। এ কেন্দ্রে ১৯২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে।গত রোববার দুপুরে ওই কেন্দ্রে গিয়ে দেখা যায়, শিক্ষাপ্রতিষ্ঠানটির চারদিকে ধানখেত। নেই সীমানাপ্রাচীর। দোচালা টিনের ঘরটি দৈর্ঘ্যে ২৭৫ ফুট ও প্রস্থে ২০ ফুট। এতে ছয়টি কক্ষ রয়েছে। এসব কক্ষের মেঝে কাঁচা। একটি গভীর নলকূপ থাকলেও তা অকেজো। স্বাস্থ্যসম্মত পায়খানা নেই। তবে এখন তড়িঘড়ি করে একটি শৌচাগার নির্মাণের কাজ চলছে।বদরপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হক জানান, ২০০৫ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি আজও সরকারি কোনো অনুদান কিংবা বোর্ডের কোনো স্বীকৃতি পায়নি। তবে তাঁদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিদ্যালয়কে জেএসসি পরীক্ষার কেন্দ্র হিসেবে নির্বাচন করেছে শিক্ষা বোর্ড।এলাকার কয়েকজন শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে জানান, পরীক্ষা শুরু হওয়ার আর মাত্র দুই দিন বাকি। এখনো মেঝে কাদামাটি দিয়ে প্রলেপ দেওয়া হচ্ছে।পটুয়াখালী সদর উপজেলা কেন্দ্রসচিব ও ভারপ্রাপ্ত জেলা শিক্ষাকর্মকর্তা মো. ছিদ্দিকুর রহমান জানান, ‘আমি শিক্ষাপ্রতিষ্ঠানটি পরিদর্শন করে এসে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। সেখানে কিছু সমস্যা আছে।’ বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক দেলোয়ার হোসেন মুঠোফোনে বলেন, ‘বিষয়টি আমরা জেনেছি। তবে ওই কেন্দ্রে পরীক্ষা চলাকালীন নিরাপত্তা নিশ্চিত করার এবং সুষ্ঠুভাবে পরীক্ষা নেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’