ধানগাছ খাচ্ছে মাজরা পোকায়
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সব কটি বিলের তলা ফেটে চৌচির হয়ে গেছে। মাজরা পোকায় খেয়ে ফেলছে ধানগাছ। ফলে বোরো ধান নিয়ে চিন্তিত এখন কৃষক। অথচ পরামর্শ দেওয়ার জন্য কৃষকদের পাশে নেই কৃষি কর্মকর্তারা। কৃষকেরা জানান, পানির অভাবে নির্দিষ্ট সময়ের অনেক পরে বোরো আবাদ করেন কৃষকেরা। আবাদের পরপরই দেখা দেয় মাজরা পোকার আক্রমণ। সেই সঙ্গে সেচের অভাবে বিলের তলা ফেটে চৌচির হয়ে যাচ্ছে। মরে যাচ্ছে ধানগাছ।উপজেলা কৃষি কার্যালয় সূত্র জানায়, রাঙ্গুনিয়ায় এবার আট হাজার ১৫০ হেক্টর জমিতে বোরো চাষাবাদের লক্ষ্যমাত্রা ছিল। কিন্তু ধানের দাম কম হওয়ায় অনেকে বোরো চাষাবাদ করেননি। প্রায় পাঁচ হাজার হেক্টর জমিতে বোরো চাষাবাদ হয়েছে। যেখানে মাজরা পোকার আক্রমণ চলছে। স্কিম ম্যানেজারদের গাফিলতির কারণে পর্যাপ্ত সেচ সরবরাহও হচ্ছে না। গুমাইবিলের কৃষক অভিজিৎ কুমার (৪৫) জানান, দুই একর জমিতে বোরো চাষাবাদ করেছেন তিনি। যেগুলোর কুশি খেয়ে সাবাড় করছে মাজরা পোকা। অন্যদিকে টাকা দিয়েও সেচ সরবরাহ পাওয়া যাচ্ছে না। হাজারী বিলের কৃষক আমিনুর রহমান (৪৯) জানান, মাজরা পোকা ধানগাছের মূল কাণ্ড খেয়ে ফেলে। ফলে ধানগাছ শুকিয়ে নুয়ে পড়ছে। বিলের ৭০০ একর জমির বোরো আবাদ মাজরা পোকায় খেয়ে শেষ করছে। তিনি বলেন, ‘পোকা দমনের জন্য ভিতথাকো ও ডায়াজিনন কীটনাশক ব্যবহার করেও কোনো ফল পাচ্ছি না। এ ব্যাপারে পরামর্শ নেওয়ার জন্য উপসহকারী কৃষি কর্মকর্তাদের পাওয়া যাচ্ছে না।’উপসহকারী কৃষি কর্মকর্তা রমিজ উদ্দিন জানান, উপজেলার ৩৭টি বিলের বোরো আবাদে মাজরা পোকার আক্রমণ চলছে। সেচের জন্য স্কিম ম্যানেজারদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।উপজেলা কৃষি কর্মকর্তা আক্তারুজ্জামান বলেন, লোডশেডিংয়ের কারণে সেচ প্রকল্পগুলো প্রয়োজনীয় পানি সরবরাহ দিতে পারছে না। ডিজেলের মূল্যবৃদ্ধির কারণে অনেকে সেচ প্রকল্প বন্ধ রেখেছেন। ফলে প্রচণ্ড রোদে বিল ফেটে চৌচির হচ্ছে। এতে মাজরা পোকার আক্রমণও বাড়ছে। আক্রমণ রোধে কৃষি কর্মকর্তারা মাঠে কাজ করছেন।