ধানগাছ পচে দূষিত হাওরের পানি
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট দুজন বৈজ্ঞানিক কর্মকর্তা বলেছেন, কাঁচা ধানগাছ পচে সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার ধারাম ও কাইঞ্জা হাওরের পানি দূষিত হয়ে গেছে। তাই মাছ মরে পানিতে ভেসে উঠছে।
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট ময়মনসিংহের প্রধান কার্যালয়ের জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা মো. সিরাজুম মনির ও বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মশিউর রহমান গতকাল বুধবার এ তথ্য দেন। তাঁরা গতকাল হাওরের পানি পরীক্ষা করেন। পরে তাঁরা স্থানীয় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
গত রোববার থেকে উপজেলার বিভিন্ন হাওরে মাছ মরে পানিতে ভেসে উঠতে শুরু করে। হাওরের পানি থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। এ অবস্থায় বৈজ্ঞানিক কর্মকর্তা গতকাল ধারাম ও কাইঞ্জা হাওরের পানি পরীক্ষা করেন।
বৈজ্ঞানিক কর্মকর্তারা বলেন, হাওরে ধানগাছ তলিয়ে যাওয়ায় তা পচে পানিতে ‘অ্যামোনিয়া’ নামের একধরনের বিষাক্ত গ্যাস তৈরি হয়েছে। ফলে পানিতে অক্সিজেনের মাত্রা তুলনামূলকভাবে কমে গেছে। মাছের প্রজনন মৌসুমে, বিশেষ করে মা মাছসহ ছোট-বড় নানা জাতের দেশীয় মাছ মরে হাওরের পানিতে ভেসে উঠছে।
তাঁরা বলেন, হাওরে মাছের বসবাসের জন্য প্রতি লিটার পানিতে পাঁচ থেকে ছয় মিলিগ্রাম দ্রবীভূত অক্সিজেন থাকার কথা। পানি দূষিত হওয়ায় ওই দুটি হাওরে প্রতি লিটার পানিতে দশমিক ৫ থেকে ১ মিলিগ্রাম মাত্রায় অক্সিজেন পাওয়া গেছে। গতকাল বৃষ্টি হয়েছে। বৃষ্টি আরও হলে কিছুদিনের মধ্যে পানি আবারও মাছের বসবাসের উপযোগী হয়ে যাবে। নমুনা পানির পরীক্ষার প্রতিবেদনটি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট জেলা মৎস্য কর্মকর্তার কাছে পাঠানো হবে।
সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুন খন্দকার, উপজেলা কৃষি কর্মকর্তা শোয়েব আহমদ, সহকারী উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।