সুনামগঞ্জের বিভিন্ন হাওরে ঢলের পানিতে তলিয়ে থাকা ধানগাছ পচে গেছে। দূষিত হয়ে পড়ছে পানি। মরে ভেসে উঠছে মাছ। গতকাল রোববার অন্তত ১২টি হাওরপারের জেলে ও কৃষকেরা এ কথা জানিয়েছেন।
জেলা মৎস্য বিভাগের কর্মকর্তারা বলছেন, হাওরের পানির নিচে ব্যাপক পরিমাণে ধানগাছ পচে এমোনিয়া নামের একপ্রকার ক্ষতিকর গ্যাসের সৃষ্টি হয়েছে। এ কারণে মাছ মরে যাচ্ছে।
কৃষক ও জেলেদের সূত্রে জানা গেছে, গত শনিবার রাতে সুনামগঞ্জের বিভিন্ন এলাকার ওপর দিয়ে ঝড় বয়ে যায়। এ সময় হাওরে বড় বড় ঢেউ হয়। এরপর থেকে হাওরের মাছ মরে ভেসে উঠতে থাকে। জগন্নাথপুর উপজেলার নলুয়ার হাওর, মইয়ার হাওর, সিংলার হাওর, জামালগঞ্জ উপজেলার হালির হাওর, তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওর, মহালিয়া হাওর, আঙ্গারুলি হাওর, সমসার হাওর, শাল্লা উপজেলার ছায়ার হাওর, বরাম হাওর, ধরমপাশা উপজেলার ধারাম হাওর ও সাসকার হাওরে মাছ মরে ভেসে উঠেছে।
জগন্নাথপুরের নলুয়ার হাওরপারের ভুরাখালি গ্রামের বাসিন্দা কৃষক গিয়াসউদ্দিন বলেন, হাওরে ১৫ দিন আগে পানি ঢুকে সব ধান তলিয়ে যায়। এর মধ্যে পানি সরেনি। তাই ধানগাছ পচে গেছে। ঝড়ের সময় হাওরে বড় বড় ঢেউ ওঠার পর থেকে মাছ মরে ভেসে উঠছে।
জগন্নাথপুর উপজেলা হাওর উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান বলেন, বিভিন্ন হাওরপারের মানুষের কাছ থেকে মাছ মরার খবর আসছে। হাওরের মাছ রক্ষায় সংশ্লিষ্ট ব্যক্তিদের শিগগির পদক্ষেপ নেওয়া উচিত।
জামালগঞ্জের হালির হাওরপারের হরিণাকান্দি গ্রামের বাসিন্দা ও স্থানীয় বেহেলি ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মুনু মিয়া বলেন, ঝড়ের সময় বাতাসে দুর্গন্ধ আসে। এতে তাঁর ঘরের দুই শিশু বমি করে দেয়। হাওরে পানি ঢুকে বদ্ধ অবস্থায় ছিল। তাই এত দিন বিষয়টি বোঝা যায়নি। মাছ মরে ভেসে ওঠায় এখন বোঝা যাচ্ছে।
তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওরপারের জামলাবাজ গ্রামের জেলে রমিজ উদ্দিন বলেন, ‘আমরার এলাকাতও হাওরে মাছ মরছে। আশা করছিলাম মাছ ধইর্যা কোনোরকমে চলমু। এখন দেখি মাছও শেষ।’
জগন্নাথপুর উপজেলা মৎস্য কর্মকর্তা ওয়াহিদুল আবরার বলেন, হাওরের পানির নিচে ধানগাছ পচে অ্যামোনিয়া গ্যাসের সৃষ্টি হয়েছে। ঝড়ের সময় হাওরে ঢেউ ওঠে ও বাতাসে সেই গ্যাস সর্বত্র ছড়িয়ে পড়ে। এই গ্যাসের প্রতিক্রিয়া এখন পুরো হাওরের পানিতে ছড়িয়ে পড়ায় মাছ মরছে। গতকাল তাঁরা উপজেলার বিভিন্ন হাওর ও নদীর পানিতে এই গ্যাসের প্রতিষেধক ছিটিয়েছেন। তিনি আরও বলেন, হাওরের পানিতে ভেসে ওঠা এসব মাছ খেলে মানুষের কোনো ক্ষতি হবে না।
ক্ষতিগ্রস্ত এলাকায় রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ক্ষতিগ্রস্ত হাওর এলাকা পরিদর্শন করছেন। তিনি গতকাল কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় হাওর এলাকা পরিদর্শন করেন। আজ সোমবার আসছেন সুনামগঞ্জ।
রাষ্ট্রপতি গতকাল দুপুরে হেলিকপ্টারে ঢাকা থেকে মিঠামইন আসেন। পরে তিনি হেলিকপ্টারে করে হাওরের ক্ষয়ক্ষতির চিত্র দেখেন। বেলা দুইটার দিকে উপজেলা হেলিপ্যাডে অবতরণের পর তিনি জেলা পরিষদের ডাকবাংলোয় যান। সেখানে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়।
রাষ্ট্রপতি জেলা পরিষদের ডাকবাংলোয় অবস্থান শেষে সন্ধ্যা সাতটায় জেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, শিক্ষাবিদ ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। আজ দুপুর ১২টায় মিঠামইন থেকে সুনামগঞ্জের উদ্দেশে রওনা দেবেন।
সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম বলেছেন, রাষ্ট্রপতিকে বহনকারী হেলিকপ্টারটি আজ বেলা আড়াইটায় পৌর শহরের পুলিশ লাইনস মাঠে অবতরণ করবে। পরে রাষ্ট্রপতি সুনামগঞ্জের হাওর এলাকা পরিদর্শন করবেন। বিকেলে শহরের ঐতিহ্য জাদুঘর পরিদর্শন করবেন। সন্ধ্যা সাতটায় জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষাবিদ, মুক্তিযোদ্ধা সংসদের প্রতিনিধি ও জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। রাতে তাঁর যুদ্ধদিনের সঙ্গীদের সঙ্গে সুনামগঞ্জ সার্কিট হাউসে সৌজন্য সাক্ষাৎ করবেন। রাষ্ট্রপতি আবদুল হামিদ ১৯৭১ সালে সুনামগঞ্জের সীমান্তবর্তী টেকেরঘাটসহ বিভিন্ন এলাকায় যুদ্ধে অংশ নিয়েছিলেন।
সুনামগঞ্জে সম্প্রতি পাহাড়ি ঢলে ফসলরক্ষা বাঁধ ভেঙে ১৪০টি হাওরের বোরো ধান তলিয়ে গেছে। এতে জেলার দুই লাখ কৃষক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) হাওরের এই ফসল রক্ষায় ৬৮ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে ওই বাঁধটি নির্মাণ করছে। কৃষকদের অভিযোগ, বাঁধের কাজ নির্ধারিত সময়ে না হওয়া এবং কাজে অনিয়ম-দুর্নীতির কারণেই হাওরে অসময়ে ফসলহানির ঘটনা ঘটেছে।
এদিকে বাঁধ নির্মাণে অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ এবং সুনামগঞ্জ জেলাকে দুর্গত এলাকা ঘোষণার দাবিতে জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। গতকাল জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে এই স্মারকলিপি দেওয়া হয়। এ সময় সমিতির সভাপতি সৈয়দ শায়েখ আহমদ, সাধারণ সম্পাদক মো. আবদুল হক, জ্যেষ্ঠ আইনজীবী হুমায়ুন মনজুর চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।