ধানবীজ কৃষকের কাজে আসেনি
আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট (ইরি) যশোরের অভয়নগর উপজেলার বোরোচাষিদের মধ্যে বিনা মূল্যে ব্রি-২৮ জাতের ধানবীজ বিতরণ করেছে। বীজতলা তৈরির নির্ধারিত সময়ের পর বিতরণ করা ওই বীজ চাষিদের কোনো কাজে আসেনি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফিলিপাইনের আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউটের (ইরি) আর্থিক সহায়তায় বেসরকারি সংস্থা (এনজিও) ‘সুশীলন’ আইলা-দুর্গত এলাকার কৃষকদের মধ্যে বিনা মূল্যে বোরো বীজধান বিতরণ করেছে। এরই অংশ হিসেবে অভয়নগর উপজেলার আটটি ইউনিয়নের চার হাজার কৃষকের মধ্যে ১৭ থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত ৪০ মেট্রিক টন ধানবীজ বিতরণ করা হয়। কৃষকেরা অভিযোগ করেন, বীজতলা তৈরির সময় শেষ হওয়ার পর ওই ধানবীজ দেওয়া হয়েছে এবং তা কোনো কাজে লাগেনি। হরিশপুর গ্রামের কৃষক অজিত বৈরাগী বলেন, ‘আমি ১০০ টাকা দরে এক বস্তা বীজধান কিনে এনে ঘরে তুলে রেখেছি। দেরিতে পাওয়ায় ওই ধান দিয়ে এবার বীজতলা তৈরি করা যায়নি।’ অভয়নগর উপজেলা সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা পরিতোষ কুমার দাস বলেন, ‘এ মৌসুমে গত ৩০ নভেম্বর পর্যন্ত ছিল বোরো ধানের বীজতলা তৈরির শেষ সময়। এরপর বীজতলা তৈরি করলে তা আর ভালো হবে না।’ প্রথম আাালোয় গত ২৫ ডিসেম্বর ‘জনপ্রতিনিধিরা বিক্রি করছেন বিনা মূল্যের ধানবীজ’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এরপর দুটি তদন্ত দল গঠন করা হয়। বেসরকারি সংস্থা সুশীলনের খুলনা জেলা ব্যবস্থাপক শাহিদা খাতুন বলেন, ‘ইরির বরাদ্দ পাওয়ার পর পরই কৃষকের মাঝে ধানবীজ বিতরণ করা হয়েছে। কৃষকদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় ভবিষ্যতে ইরির সব কার্যক্রম থেকে সুন্দলী, চলিশিয়া ও পায়রা ইউনিয়ন বাদ দেওয়া হয়েছে।’আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউটের (ইরি) কর্মকর্তা এ কে এম ফেরদৌস মুঠোফোনে প্রথম আাালোকে বলেন, ‘প্রক্রিয়াগত কারণে কৃষকদের মধ্যে ধানবীজ বিতরণ করতে একটু দেরি হয়েছে। বীজের মান খুব ভালো। কৃষক ওই ধানবীজ আউশ ধানের চাষে ব্যবহার করতে পারবে।’