ধানবীজের দাম কম, বিপাকে কৃষক
সরকার ধানের বীজের দাম কম নির্ধারণ করায় মৌলভীবাজারের কমলগঞ্জের বীজ উৎপাদনকারী কৃষকেরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ পরিস্থিতিতে তাঁরা বীজের দাম বাড়ানোর দাবিতে ২ ফেব্রুয়ারি বীজ উৎপাদন কেন্দ্র সিলেট কার্যালয়ের উপপরিচালকের কাছে লিখিত আবেদন করেছেন।
কৃষকদের লিখিত আবেদন সূত্রে জানা গেছে, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) মৌলভীবাজার ইউনিটের চুক্তিবদ্ধ বীজ উৎপাদনকারী চাষিরা দীর্ঘদিন ধরে মানসম্পন্ন বীজ সরবরাহ করে আসছেন। গত আমন মৌসুমে চাষিরা বিএডিসিতে বিআর-১১, বিআর-২২, ব্রি-৩২, ব্রি-৪৯ ও বিনা-৭ জাতের ধানবীজ সরবরাহ করেন। তাঁদের সরবরাহকৃত বিআর-২২ জাতের (চিকন) কেজিপ্রতি ৩০ টাকা এবং অন্যান্য জাত ২৯ টাকা নির্ধারিত হয়েছে। অথচ এসব বীজের উৎপাদন খরচ কেজিপ্রতি ৩০ থেকে ৩২ টাকা।
বীজ উৎপাদনকারী কমলগঞ্জের কৃষক কুলিন সিনহা, রকিব চৌধুরী, শাহেদুর রহমান, মোবাশ্বির আলী বলেন, বীজ শোধন, আদর্শ বীজতলা তৈরি, সুষম সার ও কীটনাশকের ব্যবহার, আগাছা দমন, কর্তন, মাড়াই-ঝাড়াই ও শুকিয়ে বিএডিসিকে বীজ সরবরাহ করতে হয়। বীজ সরবরাহের জন্য ওজন ও পরিবহন চার্জ, বীজ পরিষ্কার করা, বীজ ওজন দেওয়া ও বস্তাবন্ধীকরণসহ বিভিন্ন খাতে ব্যয় সমম্বয় করলে বীজ উৎপাদন ব্যয় সাধারণভাবে খাদ্যের জন্য উৎপাদিত ধানের চেয়ে প্রায় দ্বিগুণ হয়।
কৃষকেরা দাবি করেন, বিএডিসি বিআর-২২ জাতের ৩০ টাকা কেজি ও বিআর-১১সহ অন্যান্য জাতের ২৯ টাকা নির্ধারণ করলেও কৃষকদের উৎপাদন ব্যয় হয়েছে প্রায় ৩৩ টাকা। ফলে চুক্তিবদ্ধ বীজ সরবরাহকারী কৃষকদের ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে।
এ ব্যাপারে মুঠোফোনে বিএডিসির বীজ উৎপাদন কেন্দ্রের সিলেট কার্যালয়ের উপপরিচালক (বীজ) আশুতোষ দাস কৃষকদের ক্ষতি হওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, ঢাকা অফিস দাম নির্ধারণ করে দেয়। সে অনুযায়ী চুক্তিবদ্ধ চাষিদের দাম দেওয়া হয়। তবে মৌলভীবাজারের কৃষকদের আবেদনের কপি ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।