ধানবীজের নাম 'কিরণমালা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় বিভিন্ন টিভি চ্যানেলের ধারাবাহিকের জনপ্রিয় চরিত্রের নামে জামা, জুতা, খাতা, শাড়ির নামকরণের পর এবার ধানবীজের নাম দেওয়া হয়েছে। সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার হাটবাজারে তিন দিন ধরে উচ্চফলনশীল ‘কিরণমালা জিবি-৪’ নামে ধানের বীজ বিক্রি হচ্ছে। ক্রেতাদের আকৃষ্ট করতে প্রচার চালানো হচ্ছে।
উপজেলার ধানগড়া বাজারের ব্যবসায়ী সুবল চন্দ্র বলেন, ঢাকার কল্যাণপুরের অ্যাসেন্স ফার্মটেক লিমিটেড এ বীজ বাজারজাত করছে। এমন নামকরণের বিষয়ে প্রচারণার দায়িত্বে থাকা এক ব্যক্তি বলেন, বীজের নাম সহজেই মানুষ যেন মনে রাখতে পারে, তাই জনপ্রিয় নামটি বেছে নিয়েছে কোম্পানি। নামের কারণে ভালো সাড়াও পাওয়া যাচ্ছে।
উপজেলার ধানগড়া ইউনিয়নের ঝাপড়া গ্রামের কৃষক আবদুল মালেক সরকার বলেন, হাইব্রিড জাতের ধানবীজ নতুন অনেক কোম্পানি বাজারে এনেছে। মাইকে গ্রামে গ্রামে প্রচার চালাচ্ছে। বেতুয়া গ্রামের কৃষক আফাজ উদ্দিন বলেন, ‘চটকদার নাম দিয়ে বাজারে অনেক কিছু বিক্রির পরে ধানবীজের নামেও একই কাজ করছে কোম্পানির লোকজন। মানে ভালো হলে মাইকে প্রচার করতে হয় না, ভালো বীজ কৃষক খুঁজে খুঁজে কিনে আনেন।’
রায়গঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা এনামুল হক বলেন, বাজারে মানসম্পন্ন ধানবীজ বিক্রির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। ধানবীজ কেনার সময়ে নাম নয়, মানের দিকে গুরুত্ব দেওয়া উচিত কৃষকদের।