ধানবোঝাই ট্রাকের ভারে ভেঙে পড়ল বেইলি সেতু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ সদর উপজেলার দাপুনিয়া বাজার এলাকায় ধানবোঝাই ট্রাকের ভারে বেইলি সেতু ভেঙে গেছে। গত মঙ্গলবার গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে। এতে নদী পারাপার বন্ধ থাকায় গতকাল বুধবার দিনভর ভোগান্তিতে পড়ে মানুষ।
স্থানীয় সূত্রে জানা যায়, দাপুনিয়া বাজারে সুতিয়া নদীর ওপর সেতুটি মেয়াদোত্তীর্ণ হয়ে পড়লে দেড় বছর আগে পাশেই নতুন একটি সেতু নির্মাণের কাজ শুরু হয়। ওই সময় নদী পারাপারের জন্য কাছেই একটি বেইলি সেতু নির্মাণ করে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। ফুলবাড়িয়া উপজেলা থেকে ঢাকাগামী বাস, ট্রাক এবং ময়মনসিংহগামী লেগুনা ও অটোরিকশার চাপে কয়েক মাসের মধ্যে বেইলি সেতুটির বিভিন্ন অংশে ফাটল দেখা দেয়। দীর্ঘদিন ধরে ঝুঁকি নিয়ে এর ওপর দিয়ে যানবাহন চলাচল করছিল। গত মঙ্গলবার গভীর রাতে ধানবোঝাই একটি ট্রাক পার হওয়ার সময় ট্রাকসহ সেতুটি ভেঙে পড়ে। ট্রাকটি সেতুর রেলিংয়ে আটকে যায়। পরে ট্রাকটি উদ্ধার করা হয়।
বেইলি সেতুটি ভেঙে যাওয়ায় গতকাল ফুলবাড়িয়া-ঢাকা পথে বাস চলাচল বন্ধ ছিল। ময়মনসিংহ-ফুলবাড়িয়া সড়কে গতকাল দুপুর পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ ছিল। হেঁটে নির্মাণাধীন সেতু পার হয়ে মানুষকে চলাচল করতে হয়েছে। এতে ভোগান্তিতে পড়ে মানুষ। নির্মাণাধীন সেতুটি দুপুরের পর ছোট যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হলেও ফুলবাড়িয়া থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ ছিল।
সওজ ময়মনসিংহ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মাসুদ খান বলেন, বেইলি সেতুটি ঝুঁকিপূর্ণ ছিল না। অতিরিক্ত মালবোঝাই ট্রাকের ভারেই সেতুটি ভেঙে পড়ে।