ধানমণ্ডিতে আবেদনপত্র জমা দেওয়ার পরামর্শ ভারতীয় হাইকমিশনের
পর্যটক ভিসা ছাড়া অন্য সব ধরনের ভারতীয় ভিসার আবেদন বর্তমানে ‘ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার’ বা আইভিএসিতে গিয়ে সরাসরি জমা দেওয়া যায়। গত ১ ফেব্রুয়ারি থেকে এ পদ্ধতি কার্যকর করা হয়েছে। তবে ৫ মার্চ পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইভিএসসি, গুলশান কেন্দ্রে ভিড় এড়াতে ভিসা আবেদনকারীদের আইভিএসসি ধানমন্ডিতে আবেদনপত্র জমা দিতে পরামর্শ দিয়েছে ভারতীয় হাইকমিশন।
এর আগে অনলাইনে ফরম পূরণের পর একটি তারিখ দেওয়া হতো। শুধু সেই তারিখে আবেদন ফরম আইভিএসিতে গিয়ে জমা দেওয়া যেত।
তবে পূর্ব ঘোষণা অনুযায়ী ঢাকার গুলশান, মতিঝিল ও ধানমন্ডি এবং খুলনার একটি সেন্টারে সরাসরি গিয়ে ফরম জমা দেওয়া যাবে। কিন্তু পর্যটক ভিসার জন্য আগের পদ্ধতিই বহাল রাখা হয়েছে।
অবশ্য গত ১ জানুয়ারি থেকে ঢাকায় শুধু চিকিৎসা ভিসার জন্য সরাসরি আবেদন নেওয়া হচ্ছিল। কয়েক মাস আগেই সব ধরনের ভিসার আবেদন সরাসরি গ্রহণ করা হচ্ছিল চট্টগ্রাম ও রাজশাহীতে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, https://www.indianvisaonline.gov এই ঠিকানায় অনলাইন আবেদন ফরম পূরণ করে আবেদন ফরমের একটি কপিসহ ভিসা প্রসেসিং ফি ও প্রয়োজনীয় সব কাগজপত্র নিয়ে উল্লিখিত যেকোনো একটি কেন্দ্রে আবেদনকারীকে উপস্থিত হতে হবে। ছাপানো আবেদন ফরমের ওপরে বাম পাশে যে তারিখটি উল্লেখ থাকবে (ওয়েব রেজিস্ট্রেশন তারিখ) তার চার দিনের মধ্যেই সেন্টারে উপস্থিত হতে হবে। যেকোনো কার্যদিবসের সকাল নয়টা থেকে বেলা একটা পর্যন্ত এ আবেদন ফরম জমা দেওয়া যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিজ্ঞপ্তি