ধানমন্ডি এলাকায় ১৫টি অবৈধ বিলবোর্ড উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ধানমন্ডি ও রাসেল স্কয়ারে গতকাল শনিবার রাতে অবৈধ ১৫টি বিলবোর্ড উচ্ছেদ করেছে ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি)। রাত ১০টায় এ অভিযান শুরু হয়। শুক্রবার রাতে এ অভিযান চালানোর কথা থাকলেও স্বাধীনতা দিবসের বিভিন্ন কর্মসূচিতে পুলিশের ব্যস্ততার কারণে তা বাতিল করা হয়।ম্যাজিস্ট্রেট খলিল আহমেদ প্রথম আলোকে জানান, রাত ১০টার দিকে শুরু করা এই অভিযানে ১৫টি অবৈধ বিলবোর্ড উচ্ছেদ করা হয়েছে। কোনো কোনো প্রতিষ্ঠান নিজেরাই তাদের অবৈধ বিলবোর্ড সরিয়ে নিয়েছে।খলিল আহমেদ জানান, উচ্ছেদ অভিযানে অসহযোগিতা করায় ওসমান নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। উচ্ছেদ অভিযানকালে ডিসিসির প্রধান নগর পরিকল্পনাবিদ সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন। সিরাজুল ইসলাম গতকাল রাতে প্রথম আলোকে জানান, ধানমন্ডি এলাকায় এ অভিযান চলবে। এ ছাড়া ১ এপ্রিল কুড়িল মোড় থেকে নতুন বাজার, ৮ এপ্রিল ফার্মগেট থেকে বিজয় সরণি এবং ১৫ এপ্রিল আগারগাঁও এলাকায় অবৈধ বিলবোর্ড উচ্ছেদ অভিযান চলবে।হাইকোর্টের একটি বেঞ্চ গত সোমবার রাজধানীর অবৈধ বিলবোর্ডগুলো অবিলম্বে অপসারণ করতে ডিসিসিকে নির্দেশ দেন। পাশাপাশি এ কাজে ডিসিসিকে সর্বাত্মক সহযোগিতা করতে পুলিশের মহাপরিদর্শক, পুলিশ কমিশনারসহ সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়। আদালতের এ নির্দেশনার পর ২৩ মার্চ জরুরি বৈঠকে রাজধানীর সব অবৈধ বিলবোর্ড উচ্ছেদের সিদ্ধান্ত নেয় ডিসিসি।ডিসিসির হিসাব অনুযায়ী, রাজধানীতে অন্তত আড়াই হাজার অবৈধ বিলবোর্ড আছে। ডিসিসির কর্মকর্তারা জানান, অনুমোদনহীন এসব বিলবোর্ডের কারণে নগরের যেমন সৌন্দর্যহানি হচ্ছে, তেমনি নিরাপত্তাঝুঁকিতে আছে সাধারণ মানুষ। সামান্য ঝড়-বাতাসেই এগুলো ভেঙে পড়ে। সম্প্রতি গুলশানে একটি বিলবোর্ড ভেঙে দুজন নিহত হন।