ধানমন্ডি ও গুলশানে উচ্ছেদ অভিযান
রাজধানীর ধানমন্ডি ও গুলশানে আবাসিক ভবনে অননুমোদিত বাণিজ্যিক প্রতিষ্ঠান উচ্ছেদে একযোগে অভিযান চলছে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করছেন। দুটি এলাকায় আজ বুধবার বেলা ১১টার পর থেকে শুরু হওয়া এ অভিযানে এখন পর্যন্ত ছয়টি ভবনে ১২টির মতো প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়েছে।
এ ছাড়া দুটি বেসরকারি উন্নয়ন সংস্থা ও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়কে স্থাপনা সরিয়ে নিতে সময় দেওয়া হয়েছে।
ধানমন্ডিতে বেলা ১১টার দিকে উচ্ছেদ অভিযান শুরু হয়। এ অভিযানে নেতৃত্ব দিচ্ছেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাসির উদ্দিন ও অথরাইজড কর্মকর্তা শফিউল হান্নান। অভিযানে ৫ নম্বর সড়কের ১৫/এ নম্বর বাড়ির পাঁচতলা ভবনে প্রথম থেকে তৃতীয় তলা পর্যন্ত অননুমোদিত কয়েকটি প্রতিষ্ঠান ছিল। এর মধ্যে নিচতলায় দুটি মুদি দোকান, একটি রেস্তোরাঁ ও যুব গবেষণাকেন্দ্র নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান গুঁড়িয়ে দেন রাজউকের ভ্রাম্যমাণ আদালত। দ্বিতীয় তলার পুরোটা জুড়ে ছিল দ্য বস ইন্টারন্যাশনাল টেইলারিং শপ নামের একটি দোকান। তারা আগেই নোটিশ পাওয়ার পর দোকান সরিয়ে নিয়েছিল। তিনতলায় দুটি বেসরকারি উন্নয়ন সংস্থাকে কার্যালয় সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। একই সড়কে ২০ নম্বর বাড়িটি এমএসটি ফার্মাসিউটিক্যালস-প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়। এটি সরিয়ে নেওয়ার জন্য এক সপ্তাহ সময় দেওয়া হয়।
এ ছাড়া ২৬ নম্বর প্লটে অবস্থিত ইস্টার্ন ইউনিভার্সিটির ছয়তলা ভবন, নিচতলায় গাড়ি রাখার জায়গায় একটি রেস্তোরাঁ রয়েছে। আদালত দ্রুত নিচতলা খালি করার ও ক্যাম্পাস সরিয়ে নেওয়ার নির্দেশ দেন।
গুলশানে বেলা সাড়ে ১১টা থেকে শুরু হওয়া দ্বিতীয় দিনের অভিযানে এ পর্যন্ত দুটি ভবনে পাঁচটি স্থাপনা উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত। বিকেল চারটা পর্যন্ত এ অভিযান চলবে। এ অঞ্চলে অভিযানে নেতৃত্ব দিচ্ছেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার ওয়ালিউর রহমান ও অথরাইজড কর্মকর্তা আদিলুজ্জামান।