ধানমন্ডি খেলার মাঠের ফটক আবার বন্ধ

আবার বন্ধ করে দেওয়া হয়েছে ধানমন্ডি মাঠের দরজা। শেখ জামাল ধানমন্ডি ক্লাব কর্তৃপক্ষ মাঠের প্রধান ফটক বন্ধ করে দিয়েছে।
গতকাল শনিবার ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে সেখানে গেলে নিরাপত্তা প্রহরী আকরাম এই প্রতিবেদককে ঢুকতে বাধা দেন। তবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আনসার আলী খান প্রথম আলোকে বলেন, ‘ফটক বন্ধের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। আমি ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে এ ব্যাপারে কথা বলব।’
এলাকাবাসী জানিয়েছেন, রমজান মাসের শুরু থেকেই ফটক বন্ধ করা হয়েছে। ক্লাব কর্তৃপক্ষ সার্বক্ষণিক নিরাপত্তা প্রহরী দিয়েছে।
২০০৯ সালে ধানমন্ডি ক্লাবের নাম পরিবর্তন করে শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেড করার পরই মাঠটিতে সর্বসাধারণের বিচরণ ও খেলাধুলা বন্ধ করা হয়। গত ১৮ এপ্রিল পরিবেশবাদী কয়েকটি সংগঠন বন্ধ ফটক খুলে মাঠে সমাবেশ করে। এরপর অনধিকার প্রবেশের অভিযোগে ক্লাবের সাধারণ সম্পাদক আরিফুর রহমান বাদী হয়ে ধানমন্ডি থানায় মামলা করেন।
তবে হাইকোর্টে মাঠটি সবার জন্য উন্মুক্ত করার আদেশ দেন। সে অনুযায়ী সিটি করপোরেশন একটি সাইনবোর্ড লাগায়। কিন্তু সেটি সরিয়ে ফেলা হয়েছে।
তবে ফটক বন্ধের বিষয়ে জানতে চাইলে ক্লাবটির ফুটবল দলের ব্যবস্থাপক আনোয়ারুল করিম হেলাল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমার জানামতে, মাঠে প্রবেশে কোনো বাধা নেই।’
পরিবেশবিদ স্থপতি ইকবাল হাবিব বলেন, ‘হঠাৎ করে কেন ধানমন্ডি খেলার মাঠটি আবারও বন্ধ করে দেওয়া হলো—এ বিষয়ে জানতে আমরা সিটি করপোরেশনকে কাল সোমবারই চিঠি দেব।