ধানমন্ডি থেকে অপহৃত ব্যবসায়ীকে চার দিনেও উদ্ধার করা যায়নি
অপহৃত ব্যবসায়ী ইসমাইল হোসেন সিরাজীকে চার দিনেও উদ্ধার করতে পারেনি পুলিশ। গত শনিবার রাজধানীর ধানমন্ডি ৬ নম্বর সড়ক থেকে কে বা কারা তাঁকে মাইক্রোবাসে তুলে নিয়ে গেছেন বলে অভিযোগ করেছেন তাঁর স্ত্রী। এ ঘটনায় ধানমন্ডি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট পুলিশের ধারণা, জমিসংক্রান্ত বিরোধের জের ধরে ইসমাইলকে অপহরণ করা হয়েছে।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, গত শনিবার বিকেলে ধানমন্ডির ৬ নম্বর রোডে গণস্বাস্থ্য হাসপাতালের বিপরীতে কিংস বেকারির সামনে থেকে ইসমাইল হোসেন সিরাজী ও তাঁর বড় ছেলে ইমামুল মুরসালিন ওরফে উদয়কে পাঁচ-ছয়জন লোক ধূসর রঙের মাইক্রোবাসে তুলে নেন। পরে মোহাম্মদপুরের আসাদগেটে মাইক্রোবাস থেকে মুরসালিনকে নামিয়ে দেন। মাইক্রোবাসটি মিরপুর রোড দিয়ে শ্যামলীর দিকে চলে যায়। ওই রাতে ইসমাইলের স্ত্রী রুবাইয়া গুলশান জিডি করেন ধানমন্ডি থানায়।
গতকাল মঙ্গলবার রাতে মুরসালিন প্রথম আলোকে বলেন, ‘গত শনিবার বিকেলে লালমাটিয়ার এফ ব্লকের বাসা থেকে বেরিয়ে বাবা তাঁকে রিকশায় নিয়ে ধানমন্ডি ৬ নম্বরে দন্ত চিকিৎসককে দেখাতে যান। চিকিৎসকদের চেম্বার থেকে নিচে নেমে আসার সঙ্গে সঙ্গে পাঁচ-ছয় ব্যক্তি তাঁদের জোর করে মাইক্রোবাসের তুলে নেন। এ সময় একজন তাঁর বাবাকে বলেন, “সিরাজী সাহেব, আমাকে চিনতে পেরেছেন? বাবা বলেন, চিনতে পেরেছি।”’
মুরসালিন বলেন, মাইক্রোবাসে একজনের হাতে তিনি একটি শটগান দেখেছেন। আরেকজনের হাতে একটি ওয়াকিটকি ছিল। মাইক্রোবাস চলন্ত অবস্থায় দুর্বৃত্তরা তাঁকে বলেছেন, ‘শুধু মাকে বলতে পার, অন্য কাউকে বললে ঝামেলায় পড়তে হবে।’ এরপর তাঁকে আসাদগেটে নামিয়ে দিয়ে মাইক্রোবাসটি তাঁর বাবাকে নিয়ে শ্যামলীর দিকে চলে যায়।
ইসমাইলের স্ত্রী রুবাইয়া গুলশান বলেন, টাঙ্গাইলের পোড়াবাড়ি এলাকায় তাঁর স্বামীর ৪০০ একর জমি রয়েছে। এই জমির তত্ত্বাবধানকারী মজিবুর রহমান প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে হাত মিলিয়ে তা দখলে নিতে তাঁর স্বামীকে অপহরণ করেছেন। এসবের নেপথ্যে রয়েছেন পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। স্বামীকে উদ্ধারের দাবি জানিয়ে রুবাইয়া কেঁদে ফেলেন। তিনি বলেন, তাঁর স্বামী ডায়াবেটিস ও উচ্চরক্তচাপে ভুগছেন। তিনি থানায় অপহরণের মামলা করবেন।
রুবাইয়া আরও বলেন, ইসমাইল হোসেন এসডিএস নামে একটি বেসরকারি স্বেচ্ছাসেবী (এনজিও) প্রতিষ্ঠানের চেয়ারম্যান। ময়মনসিংহের ভালুকায় সাফা ডেইরি ইন্ডাস্ট্রিজ, সাফা সাইকেল ফ্যাক্টরি, সাফা ঢেউটিন ও সাফা স্টিল মিলস লিমিটেডের মালিক ছিলেন। ব্যাংকঋণ ও অন্যান্য জটিলতার কারণে তিনি এগুলোর মালিকানা হারিয়ে ফেলেন।
জিডির তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) শফিউল আলম গতকাল রাতে প্রথম আলোকে বলেন, ঘটনাস্থলের পাশের একটি ভবনের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ জব্দ করা হলেও ওই ভিডিও ফুটেজে অপহরণের দৃশ্য নেই। তবে অপহরণের সঙ্গে জড়িত থাকতে পারে এমন কয়েকজনের নাম পাওয়া গেছে। অপহৃত ব্যক্তিকে উদ্ধারে চেষ্টা চলছে বলে জানান তিনি।