ধানমন্ডি থেকে নীলক্ষেত সড়ক হবে ডিজিটাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধানমন্ডির শেখ কামাল সরণির রাপা প্লাজা থেকে নীলক্ষেত মোড় পর্যন্ত সড়ক ডিজিটাল হচ্ছে। সড়কটির প্রস্তাবিত মডেল নিয়ে প্রদর্শনী হলো গতকাল বৃহস্পতিবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবনের নিচতলায়। বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের তত্ত্বাবধানে এই প্রদর্শনীতে ৩১টি দলে স্থপতিরা নিজ নিজ ডিজাইন ও মডেল প্রদর্শন করেন৷
বেলা ১১টায় নগর ভবনের সেমিনার হলে এই দলগুলোর ডিজাইন ও মডেল নিয়ে আলোচনা ও মূল্যায়ন পর্ব অনুষ্ঠিত হয়৷ এ সময় ডিএসসিসির মেয়র সাঈদ খোকন বলেন, স্থপতিদের ডিজাইন ও মডেল অনুযায়ী রাপা প্লাজা (পুরান ২৭ নম্বর রোড) থেকে নীলক্ষেত পর্যন্ত ‘ডিজিটাল সড়ক’ করা হবে৷ যাত্রীছাউনি ও সড়কের বিভিন্ন স্থানে মুঠোফোনের চার্জারসহ বিভিন্ন সেবার ব্যবস্থা থাকবে৷ নগরবাসীকে এর যথাযথ ব্যবহার করতে হবে৷ তিনি বলেন, ডিএসসিসি এলাকা পরিষ্কার রাখতে পাড়া-মহল্লায় প্রায় পাঁচ হাজার ময়লা রাখার পাত্র (ওয়েস্ট বিন) স্থাপন করা হয়েছিল৷ কিন্তু কয়েক শ বিন চুরি হয়ে গেছে৷ এভাবে যাতে ডিজিটাল সড়কের সেবাব্যবস্থার অপব্যবহার না হয়, সে জন্য নাগরিকদের আরও সচেতন হতে হবে৷
সাঈদ খোকন বলেন, নগরীর জলাবদ্ধতা কমাতে স্থপতিদের নির্দেশনা অনুযায়ী কাজ করছে ডিএসসিসি৷ গত বছর প্রায় ৫০ শতাংশ এলাকার জলাবদ্ধতা নিরসন করা হয়েছে৷ বাকি এলাকাগুলোয় এবার আর জলাবদ্ধতা হবে না৷ এ ছাড়া আগামী জুনের মধ্যে ডিএসসিসির প্রতিটি ওয়ার্ডে এলইডি বাতি লাগানো সম্পন্ন হবে৷
অনুষ্ঠানে স্থপতি মোবাশ্বের হোসেন, রফিক আজম, ডিএসসিসির ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দোলোয়ার হোসেন, ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাসিবুর রহমান ও ৩৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবু আহমেদ মন্নাফী প্রমুখ উপস্থিত ছিলেন৷