ধানমন্ডি থেকে বাণিজ্যিক প্রতিষ্ঠান সরাতে বাধা নেই
ধানমন্ডির আবাসিক এলাকা থেকে অননুমোদিত বাণিজ্যিক প্রতিষ্ঠান সরানোর ব্যাপারে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। আজ সোমবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন।
হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করে ম্যাপললিফ ইন্টারন্যাশনাল স্কুল ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। ম্যাপললিফের করা লিভ টু আপিল উত্থাপিত হয়নি বলে খারিজ করেন আদালত। আর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আবেদন ‘তামাদি’ হওয়ায় খারিজ করেছেন আদালত।
লিভ টু আপিলকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী আবুল বাশার ও অ্যাডভোকেট অন রেকর্ড জয়নুল আবেদীন। রিটকারীদের পক্ষে ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ।
পরে আইনজীবী মনজিল মোরসেদ প্রথম আলোকে বলেন, ঢাকার দক্ষিণ সিটি করপোরেশন এবং ম্যাপললিফের লিভ টু আপিল খারিজ হওয়ায় হাইকোর্টের দেওয়া রায় বহাল থাকল। এর ফলে ধানমন্ডির ২৭ নম্বর সড়ক, ২ নম্বর সড়ক, সাতমসজিদ সড়ক ও মিরপুর সড়কের আশপাশের বাণিজ্যিক স্থাপনা ব্যতীত ধানমন্ডির আবাসিক এলাকার সব বাণিজ্যিক স্থাপনা অপসারণ করতে আর কোনো বাধা থাকল না। ম্যাপললিফের ১২টি প্রতিষ্ঠান রয়েছে। হাইকোর্ট রায়ে বলেছিলেন, তাদের প্রতিষ্ঠানগুলো এক জায়গায় নিয়ে আসতে। অর্থাৎ একটা থাকবে। তাই বাকি ১১টি উচ্ছেদ করতে বাধা থাকল না।
২০১১ সালে ধানমন্ডির আবাসিক এলাকার বৈশিষ্ট্য রক্ষার নির্দেশনা চেয়ে ধানমন্ডির দুই বাসিন্দা এম এ মাসুদ এবং এম এ মতিন হাইকোর্টে রিট করেন। রিটের প্রাথমিক শুনানি শেষে ধানমন্ডি আবাসিক এলাকায় নতুন স্কুল, কলেজ ও ব্যবসাপ্রতিষ্ঠান স্থাপন এবং অনুমোদনের ওপর অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দেন হাইকোর্ট। রুলের চূড়ান্ত শুনানি শেষে ২০১২ সালের ১১ জুন হাইকোর্ট রায় ঘোষণা করেন। রায়ে বলা হয়, আবাসিক এলাকা হিসেবে ধানমন্ডির মর্যাদা ফিরিয়ে আনা ও পরিবেশ রক্ষার জন্য ওই এলাকা থেকে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে সরানোর জন্য সময় দিয়ে নোটিশ করতে হবে। রায়ের পর ধানমন্ডির আবাসিক এলাকার বাণিজ্যিক প্রতিষ্ঠানকে সরিয়ে নিতে নোটিশ দেওয়া হয়। ধানমন্ডি এলাকায় অবস্থিত ম্যাপললিফ ইন্টারন্যাশনাল স্কুলকে তিন বছরের মধ্যে সুবিধাজনক স্থানে সরিয়ে নেওয়ার জন্য নোটিশ দেওয়া হয়।