রাজধানীর ধানমন্ডি আবাসিক এলাকা থেকে অননুমোদিত বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো সরিয়ে নিতে হাইকোর্ট যে রায় দিয়েছিলেন, তা বহাল রয়েছে আপিল বিভাগে।
হাইকোর্টের রায়ের বিরুদ্ধে একটি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের করা আপিলের আবেদন (লিভ টু আপিল) গতকাল সোমবার উপস্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বাধীন চার সদস্যের বেঞ্চ। আদালতে আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী আবুল বাশার। রিট আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ।
আদেশের পর মনজিল মোরসেদ সাংবাদিকদের বলেন, হাইকোর্টের রায় বহাল থাকায় ধানমন্ডি আবাসিক এলাকার ভেতর থাকা সব বাণিজ্যিক স্থাপনা অপসারণ করতে হবে। তবে ধানমন্ডি ২ ও ২৭ নম্বর রোড, সাতমসজিদ রোড ও মিরপুর রোডের পাশের বাণিজ্যিক স্থাপনা এর অন্তর্ভুক্ত হবে না।
ধানমন্ডি আবাসিক এলাকার বৈশিষ্ট্য রক্ষার নির্দেশনা চেয়ে ওই এলাকার দুই বাসিন্দা এম এ মাসুদ এবং এম এ মতিন ২০১১ সালে হাইকোর্টে একটি রিট আবেদন করেন। প্রাথমিক শুনানি শেষে ওই বছরের ২ ফেব্রুয়ারি হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ রুল দেন। একই সঙ্গে ধানমন্ডি আবাসিক এলাকায় নতুন বিদ্যালয়, কলেজ ও ব্যবসাপ্রতিষ্ঠান স্থাপন এবং অনুমোদনের ওপর অন্তর্বর্তী নিষেধাজ্ঞা দেন আদালত। রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে ২০১২ সালের ১১ জুন বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি ফরিদ আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণা করেন।
ওই রায়ে হাইকোর্ট বলেন, ধানমন্ডি আবাসিক এলাকা থেকে অননুমোদিত বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো সরিয়ে নিতে হবে। তবে ইতিপূর্বে বাণিজ্যিক এলাকা হিসেবে ঘোষণা করায় ধানমন্ডি ২, ২৭, সাতমসজিদ রোড ও মিরপুর রোডের বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হবে না। আর ধানমন্ডি আবাসিক এলাকার মর্যাদা ফিরিয়ে আনতে ও পরিবেশ রক্ষায় বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো সরিয়ে নিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ব্যক্তিকে সময় দিয়ে নোটিশ দিতে হবে। ধানমন্ডি এলাকায় ম্যাপললিফ ইন্টারন্যাশনাল স্কুলের ১১টি শাখা রয়েছে। তিন বছরের মধ্যে স্কুলের শাখাগুলো একত্র করে অন্যত্র সুবিধাজনক জায়গায় সরিয়ে নিতে হবে। শাখাগুলো স্থানান্তর না করা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় স্কুল কর্তৃপক্ষকে নিজস্ব জনবলের মাধ্যমে যানজট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। এ ছাড়া সিটি করপোরেশন বা রাজউক যেন ভবিষ্যতে ধানমন্ডি আবাসিক এলাকায় কোনো ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠানের অনুমোদন না দেয়।
হাইকোর্টের ওই রায়ের পর ধানমন্ডি আবাসিক এলাকা থেকে সব বাণিজ্যিক প্রতিষ্ঠান সরিয়ে নেওয়ার নির্দেশ দেয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। পরে হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে ম্যাপললিফ স্কুল কর্তৃপক্ষ লিভ টু আপিল করে, গতকাল যা উপস্থাপিত হয়নি মর্মে খারিজ হয়েছে।
আবাসিকের বৈশিষ্ট্য নেই: আবাসিক এলাকা বলে পরিচিত ধানমন্ডির ৪৮ শতাংশ ভবনেই রয়েছে বাণিজ্যিক প্রতিষ্ঠান। পুরোপুরি আবাসিক হিসেবে ব্যবহার করা হচ্ছে বাকি ৫২ শতাংশ ভবন। একটি ইংরেজি সাপ্তাহিকের উদ্যোগে গত বছরের মে থেকে অক্টোবর পর্যন্ত চালানো একটি জরিপে এই চিত্র উঠে এসেছে।
জরিপে বলা হয়, ধানমন্ডির দক্ষিণে ১ নম্বর সড়ক, উত্তরে ২৭ নম্বর (পুরোনো) সড়ক, পূর্বে গ্রিন রোড ও মিরপুর রোড এবং পশ্চিমে সাতমসজিদ রোড এবং পুরোনো ১৯ নম্বর সড়কের মধ্যবর্তী এলাকা ছিল জরিপ এলাকা। গবেষক দল এ এলাকার প্রতিটি সড়কের প্রতিটি বাড়ি ও ভবনে গিয়ে বাসিন্দাদের সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহ করেন। তথ্যের সত্যতা নিশ্চিত করতে তাঁরা প্রতি বাড়িতে দুবার করে যান।
১৯৫২ সালে আবাসিক এলাকা হিসেবে ধানমন্ডি গড়ে ওঠে। এই এলাকায় ১ নম্বর সড়ক থেকে ২৭ (পুরোনো) নম্বর পর্যন্ত মোট ৩১টি সড়ক আছে। এই ৩১টি সড়কে মোট ১ হাজার ৫৯২টি ভবন আছে। এর মধ্যে নির্মাণাধীন ভবনই আছে ১২০টি। জরিপে দেখা যায়, ১ হাজার ৫৯২টি ভবনের মধ্যে আবাসিক হিসেবে ব্যবহৃত হচ্ছে ৮২৩টি। আবাসিক কাম বাণিজ্যিক হিসেবে ৫৩২টি এবং শুধু বাণিজ্যিক হিসেবে ব্যবহৃত হচ্ছে ২৩৭টি ভবন। অর্থাৎ মোট ভবনের ৫২ শতাংশ আবাসিক এবং আবাসিক কাম বাণিজ্যিক ও বাণিজ্যিক মিলিয়ে ৪৮ শতাংশ ভবন বাণিজ্যিক কাজে ব্যবহৃত হচ্ছে।
জরিপে দেখা গেছে, ধানমন্ডি এলাকায় খাবার ও খাবারজাত প্রতিষ্ঠান রয়েছে ২৭৩টি। এর মধ্যে রেস্টুরেন্ট ১২২টি, ফাস্টফুড ৮৪টি, মিষ্টির দোকান ৩১টি, বেকারি ২৫টি এবং বিরিয়ানির ১১টি দোকান রয়েছে।
ধানমন্ডি এলাকায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং শিক্ষাসংশ্লিষ্ট সহযোগী প্রতিষ্ঠান রয়েছে ১৩৩টি। এর মধ্যে বিদ্যালয় ৪৮টি, কলেজ ১৪টি, মেডিকেল কলেজ ৪টি, ডেন্টাল কলেজ ২টি, বিশ্ববিদ্যালয় ১৬টি, কোচিং সেন্টার ২০টি, ট্রেনিং ইনস্টিটিউট ৮টি, স্টুডেন্ট কনসালটেশন সেন্টার ১৭টি এবং ড্রাইভিং ট্রেনিং সেন্টার রয়েছে ৪টি। জরিপের তথ্যানুযায়ী ধানমন্ডি এলাকায় বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে মোট ৯৯টি।
জরিপে প্রাপ্ত তথ্যানুযায়ী ধানমন্ডিতে বর্তমানে বসবাসকারী পরিবারের সংখ্যা ১১ হাজার ৪২০ (প্রতি পরিবারের সদস্যসংখ্যা গড়ে পাঁচজন ধরা হলে বর্তমানে ধানমন্ডিতে বসবাসরত জনসংখ্যা আনুমানিক ৫৭ হাজার ১০০)। পরিবার, অফিস ও বাণিজ্যিক প্রতিষ্ঠান মিলে ভবনগুলোয় ব্যবহৃত গাড়ির সংখ্যা ১১ হাজার ৩৭।
আবাসিক এলাকায় গড়ে ওঠা বাণিজ্যিক প্রতিষ্ঠান বিষয়ে রাজউকের পরিচালক (উন্নয়ন নিয়ন্ত্রণ) গোলাম মোস্তফা প্রথম আলোকে বলেন, আদালতের রায় হাতে আসার পর আবাসিক অনুমতি নিয়ে বাণিজ্যিক কাজ চালাচ্ছে যারা, তাদের বিরুদ্ধে রাজউক পদক্ষেপ নেবে।