ধানমন্ডি থেকে শিশু গৃহকর্মীর লাশ উদ্ধার
রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত সরকারি কর্মকর্তাদের আবাসিক এলাকা থেকে তানিয়া আক্তার (১০) নামের এক শিশু গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সরদার আবুল কালামের বাসায় কাজ করত। ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান প্রথম আলোকে জানান, তানিয়া ধানমন্ডি ছয় নম্বর এলাকার ২২ নম্বর গণপূর্ত ইমারত (২) বাসভবনের পঞ্চম তলার ২/৮ নম্বর বাসায় কাজ করত। গতকাল সকালে ওই ভবনের ছাদ দিয়ে পালানোর সময় পা পিছলে সে নিচে পড়ে যায়।আবুল কালামের স্ত্রী রাশেদা কালাম জানান, গতকাল ভোর সাড়ে পাঁচটার দিকে তানিয়া দরজা খুলে বাইরে চলে যায়। দরজা খোলার শব্দে তাঁর মেয়ে জেগে উঠে পরিবারের অন্যদের বিষয়টি জানায়। অনেক খোঁজাখুঁজির পর নিচতলার ছাদে তানিয়ার লাশ পড়ে থাকতে দেখা যায়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।রাশেদা আরও জানান, গত মাসের ৩০ তারিখ শান্তনা বেগম নামের এক মহিলা তানিয়াকে তাঁর বাসায় কাজের জন্য নিয়ে আসেন। মুঠোফোনে যোগাযোগ করা হলে শান্তনা বেগমের দেবর পরিচয়ে খালেক দেওয়ান জানান, শান্তনা বেগম বরিশালে নিজ গ্রামে ভিক্ষা করেন। তানিয়াকে নিয়ে যাওয়ার জন্য খবর দেওয়া হলেও টাকার অভাবে তিনি ঢাকায় যেতে পারেননি।পুলিশ জানায়, তানিয়ার গ্রামের বাড়ি বরিশালের হিজলা থানার পশ্চিম কাউলিয়া গ্রামে। তার বাবা মৃত সাহেব আলী।