ধানমন্ডি মাঠ রক্ষায় নাগরিক সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধানমন্ডি মাঠে ব্যাডমিন্টন, টেনিস ও বাস্কেটবল কোর্ট তৈরির জন্য স্থাপনা নির্মাণকাজ চলছে। ছবিটি গত ২৮ এপ্রিল তোলা। ছবি: প্রথম আলো
ধানমন্ডি মাঠে ব্যাডমিন্টন, টেনিস ও বাস্কেটবল কোর্ট তৈরির জন্য স্থাপনা নির্মাণকাজ চলছে। ছবিটি গত ২৮ এপ্রিল তোলা। ছবি: প্রথম আলো

ধানমন্ডি মাঠে বেআইনিভাবে গড়ে তোলা পুরোনো স্থাপনা উচ্ছেদ, নতুন স্থাপনা নির্মাণ বন্ধ ও মাঠ রক্ষা আন্দোলনের নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা বাতিলের দাবিতে নাগরিক সমাবেশ হয়েছে। ধানমন্ডি মাঠে আজ শুক্রবার সমাবেশ হয়।
সভাপতিত্ব করেন স্থপতি মোবাশ্বের হোসেন। তিনি বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন জানিয়েছে, ধানমন্ডি শেখ জামাল ক্লাব নামে কোনো ক্লাবকে এ মাঠটি বরাদ্দ দেওয়া হয়নি। ক্লাবটি অবৈধভাব মাঠটি দখল করে আছে।
মোবাশ্বের হোসেন বলেন, পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে ক্লাবটি গভর্নিং বডির তালিকা দিয়েছে। সেখানে চেয়ারম্যান হিসেবে ডিএমপির কমিশনারের নাম দেওয়া আছে। একটি অবৈধ ক্লাবের চেয়ারম্যান হিসেবে ডিএমপির কমিশনারকে পদত্যাগের আহ্বান জানান তিনি।
এ ছাড়া ধানমন্ডি মাঠে নির্মাণাধীন ক্রীড়া স্থাপনার বিরোধিতা করে তিনি বলেন, এর উদ্দেশ্যই হচ্ছে বাকি মাঠটি দখল করা।
নাগরিক সমাবেশে সংহতি জানিয়ে সেন্টার ফর পলিসির (সিপিডি) নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, ‘একের পর এক উন্মুক্ত স্থান ভূমিদস্যুদের হাতে চলে যাচ্ছে। এভাবে চলতে থাকলে আমাদের শিশুরা স্বাস্থ্যহীন ও মানসিক বিকাশহীন হয়ে পড়বে। এর জন্য আগামীতে অনেক মূল্য দিতে হবে আমাদের।’ ধানমন্ডি মাঠ রক্ষা আন্দোলনকারীদের পাশে রাষ্ট্রকে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
স্থপতি ইকবাল হাবিব বলেন, ‘আমাদের এই ধানমন্ডি মাঠ রক্ষা আন্দোলনের নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কারণ তিনি জলাশয়, উন্মুক্ত স্থান ও খেলার মাঠ রক্ষার আহ্বান জানিয়েছেন। আমরা তাঁর আহ্বানে এগিয়ে এসেছি মাত্র।’
গ্রিন ভয়েসের সমন্বয়কারী আলমগীর কবিরের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন প্রবীণ রাজনীতিবদ পঙ্কজ ভট্টাচার্য, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জালাল আহমেদ চৌধুরী, সাবেক ক্রিকেটার গাজী আশরাফ হোসেন লিপু প্রমুখ।
ধানমন্ডি ৮ নম্বরে গণপূর্ত বিভাগের মালিকানাধীন মাঠটি একসময় সবার জন্য উন্মুক্ত ছিল। তবে ২০০৯ সালে ধানমন্ডি ক্লাবের নাম পরিবর্তন করে শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেড করার পর মাঠটি ঘিরে দেওয়া হয়। দুই বছর ধরে মাঠে সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ করে ক্লাব কর্তৃপক্ষ।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তত্ত্বাবধানে থাকা ওই মাঠে গত মার্চে দুটি ব্যাডমিন্টন কোর্ট, দুটি টেনিস কোর্ট ও একটি বাস্কেটবল কোর্ট নির্মাণ শুরু হয়। নির্মাণকাজ করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।
রাজধানীর ধানমন্ডি খেলার মাঠ জনসাধারণের জন্য খুলে দেওয়ার দাবিতে আন্দোলনকারীদের বিরুদ্ধে ১৯ এপ্রিল মামলা করে শেখ জামাল ধানমন্ডি ক্লাব কর্তৃপক্ষ। ওই দিন সকালে আন্দোলনকারীরা মাঠে ঢুকে সমাবেশ করার পর দুপুরে ক্লাবের সাধারণ সম্পাদক আরিফুর রহমান ফটক ভেঙে মাঠে অনধিকার প্রবেশের অভিযোগে এ মামলা করেন। মামলায় স্থপতি মোবাশ্বের হোসেন, ইকবাল হাবিব ও সালমা এ সফি এবং বাংলাদেশ উইমেন্স স্পোর্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কামরুন্নাহারের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০০ জনকে আসামি করা হয়।
খেলার মাঠে প্রবেশের অভিযোগে করা মামলায় ২২ এপ্রিল জামিন পান মোবাশ্বের হোসেন, ইকবাল হাবিব, সালমা এ সফি ও কামরুন্নাহার।