
অবিলম্বে হাইকোর্টের রায় বাস্তবায়ন করে রাজধানীর ধানমন্ডি মাঠ সবার জন্য উন্মুক্ত করার দাবি জানিয়েছেন বিশিষ্ট নাগরিকেরা। গতকাল শুক্রবার এ মাঠের সামনে আয়োজিত এক নাগরিক সমাবেশে তাঁরা এ দাবি জানান।
৫০টির বেশি পরিবেশবাদী ও সামাজিক সংগঠন যৌথভাবে এ কর্মসূচি পালন করে। সমাবেশ থেকে অবিলম্বে ধানমন্ডি মাঠের ভেতরের সব স্থাপনা নির্মাণ বন্ধ, অবৈধ স্থাপনা উচ্ছেদ, সবার জন্য মাঠটি উন্মুক্ত করাসহ পাঁচ দফা দাবি জানানো হয়।
অন্যতম আয়োজক বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) জাতীয় পরিষদ সদস্য ও আইএবির সাবেক সভাপতি মোবাশ্বের হোসেন সমাবেশে সভাপতিত্ব করেন। এতে শিক্ষাবিদ জামিলুর রেজা চৌধুরী বলেন, মাঠ রক্ষণাবেক্ষণের জন্য আইন আছে, মহামান্য আদালতের নির্দেশনাও রয়েছে। অথচ এগুলোর বরখেলাপ করে কীভাবে একটি মহল মাঠটি দখল করে রেখেছে, তা একটি বড় প্রশ্ন।
বাপার সহসভাপতি বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, একটি বিশেষ মহল শুধু তাদের নিজেদের প্রয়োজনে প্রধানমন্ত্রীকে বিভ্রান্ত করে তাঁর পরিবারের নাম ব্যবহার করে মাঠটি দখল করে রেখেছে, যা অত্যন্ত বেদনাদায়ক।
সভায় অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন নগর পরিকল্পনাবিদ ও বাপার সহসভাপতি নজরুল ইসলাম, সংগঠনটির খেলার মাঠ-পার্ক-ঐতিহ্য রক্ষা কর্মসূচির সদস্যসচিব শরীফ জামিল, আইএবির সভাপতি আবু সাঈদ এম আহমেদ, বিআইপির সভাপতি গোলাম রহমান, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান, ধানমন্ডির বাসিন্দা সাবেক রাষ্ট্রদূত ও সচিব মিজানুর রহমান, পরিকল্পনাবিদ আকতার মাহমুদ প্রমুখ।
সমাবেশের আয়োজকদের মধ্যে আরও ছিল বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট (আইএবি), আইন ও সালিশ কেন্দ্র, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি, সেন্টার ফর আরবান স্টাডিজ, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি), নিজেরা করি, গ্রিন ভয়েস, নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, বাংলাদেশ এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন, ডব্লিউবিবি ট্রাস্ট, নাগরিক উদ্যোগ, সবুজ পাতা, সুন্দর জীবন, ব্লু প্ল্যানেট ইনিশিয়েটিভ (বিপিআই), সিডাস, উন্নয়ন ধারা ট্রাস্ট, সিটিজেন রাইটস মুভমেন্ট, সেবা, আদি ঢাকাবাসী ফোরাম, পুরান ঢাকা পরিবেশ উন্নয়ন ফোরাম, পিস, পরিবর্তন চাই, বারসিক, ঢাকা যুব ফাউন্ডেশন, জাতীয় অধূমপায়ী ফোরাম, সার্চ স্কেটিং ক্লাব ইত্যাদি। বিজ্ঞপ্তি।