ধানমন্ডি মাঠে নির্মাণ বন্ধে নির্দেশনা চেয়ে রিট
রাজধানীর ধানমন্ডি খেলার মাঠে অবকাঠামো নির্মাণ বন্ধে নির্দেশনা চেয়ে রিট আবেদন করা হয়েছে। আজ মঙ্গলবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি হাবিবুল গনির সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আবেদনের ওপর শুনানি হয়। রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আগামী রোববার পর্যন্ত শুনানি মুলতবি করেন।
স্থপতি মোবাশ্বের হোসেন, ইকবাল হাবিব, ফারজানা শাহনাজসহ স্থানীয় ছয় বাসিন্দা গতকাল সোমবার রিটটি করেন। আজ বিকেলে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী সারা হোসেন। সঙ্গে ছিলেন আইনজীবী এ এম আমিনউদ্দিন, শাহদীন মালিক ও ইকবাল কবির। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল টাইটাস হিল্লোল রেমা।
ধানমন্ডির আবাসিক এলাকায় আট নম্বর সড়কসংলগ্ন খেলার মাঠে নির্মাণকাজ প্রসঙ্গে ৯ এপ্রিল রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) এক চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে রিটটি করা হয়। বলা হয়, ওই চিঠি ইমারত নির্মাণ আইনের ৩ ধারার সঙ্গে সাংঘর্ষিক।
রিট আবেদনে ধানমন্ডি খেলার মাঠে সব ধরনের নির্মাণ বন্ধে তাত্ক্ষণিক পদক্ষেপ নিতে বিবাদীদের প্রতি নির্দেশ দেওয়ার আরজি রয়েছে। পাশাপাশি ওই চিঠির কার্যকারিতাও স্থগিতের আরজি রয়েছে।
রিটে ধানমন্ডি মাঠের ভেতর চলমান সব ধরনের অবৈধ স্থাপনার নির্মাণ বন্ধে এবং সেখানে থাকা অবৈধ স্থাপনা অপসারণে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বিবাদীদের কেন নির্দেশ দেওয়া হবে না, এ বিষয়ে রুল চাওয়া হয়েছে। উন্মুক্ত স্থান বা খেলার মাঠ হিসেবে ওখানে জনগণের প্রবেশাধিকার নিশ্চিতে পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, এ মর্মেও রুল চাওয়া হয়েছে। উন্মুক্ত স্থান, পার্ক বা খেলার মাঠ হিসেবে তা রক্ষায় বিবাদীদের ব্যর্থতা কেন বেআইনি হবে না, এ বিষয়ে রুল চাওয়া হয়েছে।
রিটে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের সচিব, গৃহায়ণ ও গণপূর্তসচিব, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক, রাজউকের চেয়ারম্যান, রাজউকের পরিচালক (প্রশাসন), স্থানীয় সরকার ও প্রকৌশল বিভাগের প্রধান প্রকৌশলী এবং শেখ জামাল ধানমন্ডি ক্লাবের প্রেসিডেন্টকে বিবাদী করা হয়েছে।
আবেদনকারী স্থপতি ইকবাল হাবিব প্রথম আলোকে বলেন, মাঠের ভেতর অবৈধ নির্মাণকাজ বন্ধের নির্দেশনা চেয়ে রিটটি করা হয়।
রিট আবেদনের যুক্তি, ইমারত নির্মাণ আইনের ৩ ধারা অনুসারে মহানগরের ভেতর কোনো ধরনের নির্মাণকাজ করতে হলে রাজউকের পূর্বানুমতি নিতে হয়। এ ক্ষেত্রে তা নেওয়া হয়নি। তার পরও কাজ চালিয়ে যেতে দেওয়া আইনগত কর্তৃত্ব বহির্ভূত। মহানগর, বিভাগীয় শহর ও জেলা শহরের পৌর এলাকাসহ সব পৌর এলাকার খেলার মাঠ, উন্মুক্ত স্থান, উদ্যান এবং প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন-২০০০ অনুসারে পার্ক, খেলার মাঠ, উদ্যানের আকৃতি-প্রকৃতি পরিবর্তন করতে অনুমোদন নিতে হয়। এ ক্ষেত্রে তা করা হয়নি।