রাজধানীর ধানমন্ডির খেলার মাঠে নির্মাণ বন্ধে নির্দেশনা চেয়ে রিট আবেদন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি হাবিবুল গনির সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আবেদনের ওপর শুনানি হয়। রাষ্ট্রপক্ষের সময় চেয়ে করা আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আগামী রোববার পর্যন্ত শুনানি মুলতবি করেন।
এদিকে খেলার মাঠে প্রবেশের অভিযোগে করা মামলায় জামিন পেয়েছেন স্থপতি মোবাশ্বের হোসেন, স্থপতি ইকবাল হাবিব, স্থপতি সালমা এ সফি ও বাংলাদেশ উইমেন্স স্পোর্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কামরুন্নাহার। গতকাল সকালে তাঁরা ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে মহানগর হাকিম এম এ সালাম তাঁদের জামিনের আবেদন মঞ্জুর করেন।
এর আগে স্থপতি মোবাশ্বের হোসেন, ইকবাল হাবিব, ফারজানা শাহনাজসহ স্থানীয় ছয় বাসিন্দা সোমবার হাইকোর্টে রিটটি করেন।
গতকাল রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী সারা হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল টাইটাস হিল্লোল রেমা।
ধানমন্ডির আবাসিক এলাকায় ৮ নম্বর সড়কসংলগ্ন খেলার মাঠে নির্মাণকাজ প্রসঙ্গে ৯ এপ্রিল রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) এক চিঠির বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে রিটে। বলা হয়, ওই চিঠি ইমারত নির্মাণ আইনের ৩ ধারার সঙ্গে সাংঘর্ষিক। এতে ধানমন্ডি খেলার মাঠে সব ধরনের নির্মাণ বন্ধ করতে তাৎক্ষণিক পদক্ষেপ নিতে নির্দেশনা চাওয়া হয়েছে। রিটে স্থানীয় সরকার ও পল্লি উন্নয়নসচিব, গৃহায়ণ ও গণপূর্তসচিব, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক, রাজউকের চেয়ারম্যান, রাজউকের পরিচালক (প্রশাসন), স্থানীয় সরকার ও প্রকৌশল বিভাগের প্রধান প্রকৌশলী এবং শেখ জামাল ধানমন্ডি ক্লাবের প্রেসিডেন্টকে বিবাদী করা হয়েছে।
ধানমন্ডি ৮ নম্বরে গণপূর্ত বিভাগের মালিকানাধীন মাঠটি একসময় সবার জন্য উন্মুক্ত ছিল। তবে ২০০৯ সালে ধানমন্ডি ক্লাবের নাম পরিবর্তন করে শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেড করার পর মাঠটি ঘিরে দেওয়া হয়। দুই বছর ধরে মাঠে সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ করে ক্লাব কর্তৃপক্ষ। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তত্ত্বাবধানে থাকা ওই মাঠে গত মার্চে দুটি ব্যাডমিন্টন কোর্ট, দুটি টেনিস কোর্ট ও একটি বাস্কেটবল কোর্ট নির্মাণ শুরু হয়। নির্মাণকাজ করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।