ধানমন্ডি মাঠে রহস্যজনক ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর আলোচিত ধানমন্ডি ক্লাব মাঠে গত শুক্রবার রাতে ভাঙচুরের ঘটনা ঘটেছে। তবে ভাঙচুরের ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে দাবি করা ক্লাবের কর্মীদের বক্তব্যের অসংগতি এ নিয়ে রহস্যের সৃষ্টি করেছে।
গতকাল শনিবার বিকেলে সরেজমিনে দেখা যায়, মাঠের ফটকের বাঁ দিকে শেখ জামালের ম্যুরালে কালো কালি লেপ্টে দেওয়া হয়েছে। ম্যুরালটি একপর্যায়ে ব্যানার দিয়ে ঢেকে দেন ক্লাবের লোকজন। ম্যুরালের নিচে নেমপ্লেটটি ভাঙা। এ ছাড়া ফটকের পাশে ক্লাবের একটি ঘরের জানালার কাচ ভাঙা ছিল। মাঠের ভেতরে ১১টি ব্যানার দেখা যায়। একটি ব্যানারে লেখা আছে, ‘অবৈধ সরকার এবং শেখ পরিবারের হাত থেকে ধানমন্ডি মাঠ রক্ষা ও জনসাধারণের জন্য উন্মুক্ত করায় ইঞ্জি মোবাশ্বের, ইকবাল ভাই, ডানা আপা, সালমা আপাকে আন্তরিক অভিনন্দন জানাই। প্রচারে: পরিবেশবাদী।’
মাঠটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করার দাবিতে আন্দোলনকারীরা এ ঘটনাকে তাঁদের বিরুদ্ধে ষড়যন্ত্র বলে আখ্যা দিয়েছেন।
ভাঙচুরের ঘটনা প্রসঙ্গে ক্লাবের নিরাপত্তা বিভাগের সমন্বয়কারী মারাফত আলী প্রথম আলোকে বলেন, ‘গতকাল (শুক্রবার) রাত সাড়ে ১১টার দিকে কিছু লোক মাঠে বোমার বিস্ফোরণ ঘটায়। কারা ঘটিয়েছে, আমি তা বুঝতে পারি নাই।’
ক্লাবে কথিত হামলার ঘটনা নিয়ে পাশের কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এসব ব্যক্তির কথার সঙ্গেও ক্লাবের লোকজনের কথা মেলে না। একজন জানান, রাত সাড়ে নয়টার দিকে তিনি কয়েকটি পটকার শব্দ শোনেন। পাশের একটি বাড়ির নিরাপত্তারক্ষীও জানান, রাত নয়টায় তিনি শব্দ শোনেন। তবে সে সময় মাঠের দিকে তাকিয়ে তিনি কাউকে ব্যানার টাঙাতে দেখেননি।
মাঠ নিয়ে আন্দোলনে অন্যতম নেতৃত্বদানকারী স্থপতি মোবাশ্বের হোসেন প্রথম আলোকে বলেন, ‘আন্দোলন ভিন্ন খাতে নিয়ে যেতেই ঘৃণ্য শক্তির অপচেষ্টা এই ভাঙচুরের ঘটনা। আমার আশঙ্কা, মাঠের ভেতর সরকারের নির্মাণকাজ ধ্বংসসহ আরও মারাত্মক কোনো ঘটনা ঘটতে পারে।’
শেখ জামাল ক্লাবের টিম ম্যানেজার আনোয়ারুল করিম বলেন, ‘যারা মাঠ নিয়ে সমস্যা সৃষ্টি করেছে, হয়তো তারাই এ কাজ করতে পারে। আমি কেবল আন্দাজ করছি। আসলে যে-ই করে থাকুক, কাজটি ভালো হয়নি।’
ধানমন্ডি মাঠ জনসাধারণের জন্য খুলে দেওয়ার দাবিতে ১৮ এপ্রিল মাঠে ঢুকে সমাবেশ করেন আন্দোলনকারীরা। এ ঘটনায় স্থপতি মোবাশ্বের হোসেনসহ আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা হয়।
সংশোধনী: গত ১০ এপ্রিল প্রথম আলোয় ধানমন্ডি মাঠ নিয়ে প্রকাশিত প্রতিবেদনে জালাল আহমেদ চৌধুরীকে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক লেখা হয়। প্রকৃতপক্ষে তিনি একজন ক্রিকেট কোচ ও ক্রীড়ালেখক। অনবধানতাবশত এ ভুলের জন্য আমরা দুঃখিত। বা.স.