ধানমন্ডি মাঠে স্থাপনা নির্মাণ বন্ধের দাবি

ধানমন্ডি খেলার মাঠে পুরোনো স্থাপনা উচ্ছেদ ও নতুন যেসব স্থাপনা তৈরি হচ্ছে, সেগুলো বন্ধ করার দাবি করেছে ধানমন্ডি মাঠ রক্ষা আন্দোলন৷ জাতীয় প্রেসক্লাবের সামনে গতকাল শুক্রবার সকালে আয়োজিত এক নাগরিক সমাবেশে এ দাবি করা হয়৷ এর পাশাপাশি মাঠ রক্ষার আন্দোলনে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে যেসব মামলা করা হয়েছে, সেগুলো বাতিলেরও দাবি করা হয়েছে৷
সমাবেশে বক্তারা বলেন, ১৮ মে মাঠটির কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মাঠের মধ্যে অবস্থিত দুটি স্থাপনা ভেঙে দিয়েছে৷ তবে মাঠের মধ্যে এখনো খেলাধুলায় প্রতিবন্ধকতা সৃষ্টিকারী কয়েকটি স্থাপনা রয়ে গেছে, যার মধ্যে ‘অপসারণের জন্য নির্দেশিত’ তিনটি ঘরও রয়েছে৷ অন্যদিকে নতুন স্থাপনা নির্মাণ বন্ধে কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি৷
বক্তারা আরও অভিযোগ করেন, ধানমন্ডি মাঠ নিয়ে বেআইনি দখলদারদের চক্রান্ত থেমে নেই, বরং বেড়েছে৷ দিনের অধিকাংশ সময়ে মাঠের মূল ফটক বন্ধ করে শুধু ছোট ফটক খোলা রাখা হচ্ছে৷ এতে শিশু-কিশোর-যুবকেরা মাঠটিতে সাধারণের প্রবেশ আবার বন্ধ হয়ে গেল কি না, সেই আশঙ্কায় থাকে৷
বৃষ্টির মধ্যে অনুষ্ঠিত এই সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকির হোসেন৷ গ্রিন ভয়েসের সমন্বয়কারী আলমগীর হোসেনের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন বাপার সাবেক সাধারণ সম্পাদক মহিদুল হক খান, আদি ঢাকাবাসী ফোরামের সদস্যসচিব জাবেদ জাহান প্রমুখ৷