ধানমন্ডি মাঠের ফটক আবার বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ধানমন্ডি খেলার মাঠের মূল ফটকটি আবারও বন্ধ করে দেওয়া হয়েছে। মাঠ রক্ষায় আন্দোলনের প্রায় দুই বছর পর গত মাসে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মাঠটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়।

আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সেখানে গিয়ে দেখা গেছে, প্রধান ফটকটিতে তালা দেওয়া। ফটকের পাশের ছোট গেটটি খোলা থাকলেও সেখানে কালো পোশাকের নিরাপত্তাকর্মী ভেতরে ঢোকার কারণ জানতে চাইলেন। মাঠ দেখার কথা বলে ভেতরে গিয়ে দেখা গেল, মাঠের ভেতর সাধারণ লোকজনের উপস্থিতি কম। কলাবাগান ক্রিকেট ক্লাবের কিছু তরুণ ক্রিকেট খেলছেন। মাঠের পূর্ব ও পশ্চিম দিকে স্থাপনা নির্মাণের কাজ চলছে। পূর্বদিকে শ্রমিকেরা লোহার পাত আনা-নেওয়া করছেন। আর পশ্চিমদিকে শ্রমিকেরা একটি স্থানে মাটি ফেলছেন, আর একটি স্থানে ইটের খোয়া ঢালছেন।

এখানে কি তৈরির কাজ করছেন—জানতে চাইলে শ্রমিকেরা এ বিষয়ে কোনো কথা বলতে চাইলেন না। তবে তাঁরা জানান, ক্লাব কর্তৃপক্ষ তাঁদের নিয়োগ করেছে এবং ওই কর্তৃপক্ষের নির্দেশমতোই তাঁরা কাজ করছেন।

মাঠে কিছুক্ষণ থাকার পর দেখা গেল চার তরুণ পশ্চিম দিকের দেয়াল টপকে মাঠে ঢুকছেন। ওই তরুণদের দুজন রাসেল ও তমাল জানালেন, তাঁদের বাড়ি বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের পাশে। মাঠ উন্মুক্ত হওয়ার পর থেকে তাঁরা এখানে নিয়মিত খেলতে আসছেন। কিন্তু আজ এসে দেখেন, মাঠের প্রধান ফটক বন্ধ। তাই এভাবে দেয়াল টপকেই ঢুকছেন তাঁরা। মাঠের প্রধান ফটক বন্ধ থাকলেও পাশের ছোট গেট খোলা আছে কি না, জানতে চাইলে তাঁরা জানান, এমনভাবে ছোট গেটটি লাগানো ছিল, দেখে বন্ধই মনে হলো।

মাঠ রক্ষা আন্দোলনের সঙ্গে যুক্ত একজন জানান, মাঠের প্রধান ফটক বন্ধ করে ভেতরে কৌশলে একটি ক্রিকেট ক্লাবের খেলোয়াড়দের লোক দেখানো খেলতে বলা হয়েছে। খেলোয়াড়দের বলা হয়েছে, কেউ যদি কিছু বলে; তাহলে তাঁরা যেন বলেন, মাঠে ঢুকতে কোনো সমস্যা হচ্ছে না। 

জানতে চাইলে ধানমন্ডি মাঠ রক্ষা আন্দোলনের অন্যতম নেতা স্থপতি মোবাশ্বের হোসেন বলেন, মাঠটির প্রধান ফটক বন্ধ থাকার কারণে লোকজন কম আসছে। এটি উন্মুক্ত করার দাবি জানান তিনি।

মাঠ বন্ধের বিষয়ে জানতে ধানমন্ডি ক্লাব কমিটির সভাপতি মঞ্জুর কাদেরের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘সরি, প্রথম আলোর সঙ্গে কথা বলব না।’ এরপর তিনি মুঠোফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।