ধানমন্ডি মাঠে সমাবেশ করলেন পরিবেশবাদীরা
জনসাধারণের জন্য প্রবেশ সংরক্ষিত করা রাজধানীর ধানমন্ডি মাঠের ফটক খুলে ভেতরে সমাবেশ করেছে পরিবেশবাদী সংগঠনগুলো।
আজ শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে পরিবেশবাদী বেশ কিছু সংগঠনের কর্মীরা মিছিল করে এসে ধানমন্ডি মাঠে প্রবেশ করেন। সেখানে প্রায় এক ঘণ্টা সমাবেশ করার পর তাঁরা মাঠ থেকে বের হয়ে যান।
জনসাধারণের জন্য তৈরি করা ধানমন্ডি মাঠ দখল করে স্থাপনা তৈরি ও জনসাধারণের প্রবেশ সংরক্ষিত করার প্রতিবাদে তাঁরা এই সমাবেশ করছেন।
আজ সকালে রাজধানীর শাহবাগে একটি সমাবেশ শেষে পরিবেশবাদী সংগঠন গ্রিনভয়েসের কর্মীরা মিছিল নিয়ে ধানমন্ডি মাঠের দিকে আসেন। এরপর সেখানে আগে থেকে জমায়েত হওয়া অন্যান্য পরিবেশবাদী সংগঠনের সঙ্গে এক হয়ে তাঁরা ধানমন্ডি মাঠ প্রদক্ষিণ করেন। একপর্যায়ে তাঁরা জোর করে মাঠের ফটক খুলে ভেতরে ঢুকে সমাবেশ শুরু করেন।
এ সময় পরিবেশবাদী সংগঠনের কর্মীদের কাউকে কাউকে মাঠের ভেতরে খেলতেও দেখা যায়। এ ছাড়া মাঠের পূর্ব প্রান্তে তৈরি হওয়া একটি প্যান্ডেল (এই প্যান্ডেলে আগামীকাল শনিবার একটি অনুষ্ঠান হওয়ার কথা) তৈরির কাজ বন্ধ রাখার জন্য শ্রমিকদের আহ্বান জানান তাঁরা।
সমাবেশে স্থপতি মোবাশ্বের হোসেন বলেন, ধানমন্ডির প্রতিটি মানুষের এই মাঠটিতে প্রবেশের অধিকার আছে। কিন্তু আড়াই বছর ধরে মানুষের সে অধিকারকে রুদ্ধ করে মাঠটিতে সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এই মাঠটি যদি রক্ষা করা না যায়, তাহলে ধানমন্ডি লেকটিও কিছুদিন পর দখল হয়ে যাবে। তিনি বলেন, বর্তমান সরকারের দুর্বল স্থান প্রধানমন্ত্রীর ভাইয়ের নাম (লে. শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেড) ব্যবহার করে মাঠটি অবরুদ্ধ করে রাখা হয়েছে। এই মাঠের ২০ বিঘা জমির মালিক ধানমন্ডি ক্লাব নয় বরং ধানমন্ডির সবাই। এই ক্লাব পরিচালনা কর্তৃপক্ষের অনেকে সরকারবিরোধী হিসেবে পরিচিত। কিন্তু দখলের ক্ষেত্রে সবাই একজোট হয়েছে।
বাপার যুগ্ম সম্পাদক স্থপতি ইকবাল হাবিব বলেন, ‘ধানমন্ডি ক্লাবের কতিপয় কর্ণধারের নির্দেশে মাঠটি অবরুদ্ধ ছিল। আজকে আমরা তা অবমুক্ত করেছি। ২০০৪ সালে মাঠটিতে কোনো স্থাপনা নির্মাণ না করার জন্য আদালতের রায় ছিল। কিন্তু সেই রায়কে উপেক্ষা করে এখন স্থাপনা নির্মাণ করা হচ্ছে। এই মাঠটি উদ্ধারে গত কয়েক শুক্রবার ধরে আমরা সরকারের হস্তক্ষেপ চেয়েছিলাম। কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ না নেওয়ায় আজ আমরা মাঠে ঢুকে পড়েছি।’
সমাবেশে গ্রিনভয়েসের প্রধান সমন্বয়কারী আলমগীর কবির বলেন, মাঠটি যদি এভাবে মুক্ত রাখা না হয়, তবে আগামী শুক্রবার আবারও এই মাঠে সমাবেশ করা হবে।
সমাবেশে গ্রিনভয়েস, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট, সবুজ পাতাসহ বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের কর্মীরা উপস্থিত রয়েছেন।