ধানমন্ডি লেক পরিষ্কার করলেন শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারও হাতে বেলচা, কারও হাতে কাটারি। কেউ ঝাড়ু দিচ্ছেন, কেউ জড়ো করে রাখা আবর্জনা বালতিতে তুলছেন। সবার হাতেই প্লাস্টিক হাতমোজা। গতকাল শুক্রবার সকাল ১০টায় ধানমন্ডি ৮ নম্বরের রবীন্দ্রসরোবর এলাকায় গিয়ে দেখা যায়, সবুজ টি-শার্ট পরে তরুণ শিক্ষার্থীরা বিভিন্ন দলে ভাগ হয়ে ধানমন্ডি লেকের এক অংশের ময়লা পরিষ্কার করছেন। ‘গ্রিন ফ্রিডম ক্লিনিং ফেস্টিভ্যাল, ২০১৬’-এর স্বেচ্ছাসেবক হিসেবে তাঁরা এ কাজ করছেন।
ব্যতিক্রমী এ কাজে অংশ নেন রাজধানীর কয়েকটি সরকারি, বেসরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ৬০ জন শিক্ষার্থী। ‘গ্রিন ফ্রিডম ক্লিনিং ফেস্টিভ্যাল, ২০১৬’ নামের এই পরিচ্ছন্নতা কার্যক্রম যৌথভাবে আয়োজন করে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) ও ফেড্রিক নুম্যান ফাউন্ডেশন ফর ফ্রিডম, বাংলাদেশ (এফএনএফ)।
এতে নটর ডেম ইউনিভার্সিটি অব ঢাকা, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইস্টার্ন ইউনিভার্সিটি, স্টামফোর্ড ইউনিভার্সিটি ও ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের একটি করে দল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুটি এবং ডিআইআইয়ের তিনটি দল অংশগ্রহণ করে। শিক্ষার্থীরা ১২টি দলে ভাগ হয়ে পরিচ্ছন্নতার কাজ করেন। প্রতিটি দলে ছিলেন পাঁচজন। পরিচ্ছন্নতার কাজ সকাল সাড়ে আটটায় শুরু হয়ে চলে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। এ সময় শিক্ষার্থীরা ধানমন্ডি ৮ নম্বর ও ১৫ নম্বর সড়কের মধ্যবর্তী অংশে লেকের ভেতরের ময়লা-আবর্জনা পরিষ্কার করেন।
স্বেচ্ছাসেবী এসব তরুণ শিক্ষার্থী তিন ধরনের ময়লা-আবর্জনা সংগ্রহ করেন। সংগ্রহকৃত আবর্জনা থেকে পুনর্ব্যবহারযোগ্য ও জৈব সার উৎপাদনযোগ্য বর্জ্য আলাদা করেন। সংগ্রহ ও বাছাই শেষে ময়লা-আবর্জনা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্ধারিত জায়গায় স্থানান্তর করা হয়। পুরো এই কাজ তদারক করেন একদল পর্যবেক্ষক। সবশেষে পর্যবেক্ষক দল সেরা তিন দলকে পুরস্কৃত করে। ময়লা-আবর্জনা সংগ্রহ ও আলাদা করার কাজে যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয় নটর ডেম বিশ্ববিদ্যালয়ের র্যাডিয়েন্ট দল, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্লিন ফাইটার দল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রিনিং ডেভেলপারস দল। পরে রবীন্দ্রসরোবর মুক্তমঞ্চে আনুষ্ঠানিকভাবে বিজয়ী তিন দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার জন্য অংশগ্রহণকারীরা উপস্থিত ব্যক্তিদের সঙ্গে শপথ পাঠ করেন।
সকালে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন কলাম লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ। কার্যক্রম চলাকালে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক সুকুমার বিশ্বাস, কৃষি গবেষণা ইনস্টিটিউটের পরিচালক জহুরুল ইসলাম প্রমুখ। এ ছাড়া দুপুরের আনুষ্ঠানিকতায় সভাপতিত্ব করেন ডিআইইউয়ের মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এ এম এম হামিদুর রহমান, সঙ্গে ছিলেন ডিআইইউর স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পরিচালক সৈয়দ মিজানুর রহমান, পরিবেশবিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রধান অধ্যাপক এ বি এম কামাল পাশাসহ আরও অনেকে।