ধানমন্ডি লেক যখন বিকল্প ক্যাম্পাস!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধানমন্ডি লেকের রবীন্দ্রসরোবরে ঢুকতেই দেখা গেল, কয়েকজন ছাত্রছাত্রী গোল হয়ে বসে মনোযোগ দিয়ে কিছু একটা করছেন। কাছে গিয়ে জানা গেল, তাঁরা ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের ফার্মাসি বিভাগের ছাত্রছাত্রী।
এঁদের একজন তারানা শারমিন জামান বললেন, ‘আমরা ল্যাব রিপোর্ট নিয়ে গ্রুপ স্টাডির জন্য লেকে বসেছি।’
শিক্ষার্থীরা জানালেন, বেশির ভাগ বেসরকারি বিশ্ববিদ্যালয় তাদের ছাত্রছাত্রীদের জন্য উপযোগী শ্রেণিকক্ষ, নিরাপত্তাসহ অন্যান্য সুবিধা নিশ্চিত করতে পারে। তবে জায়গার স্বল্পতার কারণে এসব বিশ্ববিদ্যালয়ে নেই উন্মুক্ত পরিবেশ। তাঁরা বলেন, বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনগুলোও ছোট এবং আবদ্ধ। এ ধরনের বাস্তবতায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা খঁুজে নিয়েছেন তাঁদের দ্বিতীয় ক্যাম্পাস ধানমন্ডি লেক। ধানমন্ডির প্রায় সব বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে হাঁটাপথের দূরত্বে এই লেকের অবস্থান।
লেকের পশ্চিম দিকে জাহাজবাড়ির সামনে যেতেই দেখা গেল আরও একদল ছেলেমেয়ে। ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের ছাত্র সিউল আহমেদ বলছিলেন, ‘সরকারি ভার্সিটির শিক্ষার্থীরা যেসব সুযোগ-সুবিধা পায়, আমরাও একই ধরনের সুযোগ-সুবিধা পাই; কিন্তু ওদের মতো আমাদের কোনো খোলা ক্যাম্পাস নেই।’
তাঁর সঙ্গে কথা বলে জানা যায়, পাঠ্যবইয়ের জটিল বিষয়ে আলোচনার জন্য তাঁদের কিছু শিক্ষকও লেকের প্রাকৃতিক পরিবেশে চলে আসেন।
লেকে খাবারের দোকান থাকায় বন্ধুদের জন্মদিনের উৎসবের আয়োজনও করা হয়।
ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের ছাত্র ইসমাইল হোসেনের মা শাহনাজ বেগম বলেন, ‘ধানমন্ডি এলাকার বিশ্ববিদ্যালয়গুলোর অনেকেরই নিজস্ব ক্যাম্পাস নেই। তবে কাছে লেক থাকায় ক্যাম্পাসের অভাব পূরণ হয়ে যায়।’
শুধু শিক্ষার্থীদের পড়াশোনা-সংক্রান্ত আলোচনাই নয়, লেকের পাশে শ্রেণিকক্ষের কিছু কিছু কাজও চলে। ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের প্রক্টর মো. আসিউজ্জামান বলছিলেন, ‘আমাদের মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা ধানমন্ডি লেকে সুটিং করে থাকে।’
ধানমন্ডি এলাকায় মূল বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে মোট ১২টি। এ ছাড়া আছে বিশ্ববিদ্যালয়ের একাধিক শাখা।