ধানমন্ডি লেকে ডুবে ছাত্রের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ধানমন্ডির লেকে ডুবে আজ বৃহস্পতিবার রাতে ফয়সাল আহমেদ (২২) নামের এক ছাত্র মারা গেছেন। তিনি ধানমণ্ডির বেসরকারি ডেফোডিল বিশ্ববিদ্যালয়ের সফটওয়্যার প্রকৌশল বিষয়ে পড়তেন। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ফয়সালের বন্ধু আবু সাঈদ সাংবাদিকদের বলেন, রাতে ফয়সাল বন্ধুদের সঙ্গে ৮ নম্বর সড়ক সংলগ্ন সেতুতে বসে আড্ডা দিচ্ছিলেন। এক পর্যায়ে তার এক বন্ধুর স্যান্ডেল লেকের পানিতে পড়ে যায়। ফয়সাল লেক থেকে স্যাণ্ডেল তুলতে গিয়ে ডুবে যান।

বন্ধুরা দ্রুত লেক থেকে ফয়সালকে তুলে রাত পৌনে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।

ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন প্রথম আলো ডটকমকে বলেন, ফয়সাল সাঁতার কাটতে জানলেও তিনি কোনো কারণে লেকের মাঝখানে গিয়ে ডুবে যান। এ ঘটনায় তার কয়েক বন্ধুকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

ফয়সাল ধানমণ্ডি ১৫ নম্বর সড়ক সংলগ্ন আফসারউদ্দিন রোডের একটি মেসে থাকতেন। তাঁর বাবার নাম আবদুল করিম।