ধানমন্ডি লেকে ডুবে বোমাং রাজার নাতির মৃত্যু
বান্দরবানে বোমাং রাজার (চিফ) নাতি ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র মংহ্নাই প্রু চৌধুরী (ডিকশন) গত বৃহস্পতিবার ঢাকার ধানমন্ডি লেকে ডুবে মারা গেছেন। তাঁর মরদেহ গতকাল শুক্রবার সকালে বান্দরবানে নিয়ে আসা হলে হাজারো মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে। তাঁর বাবা মংচিংহ্লা চৌধুরী একজন মুক্তিযোদ্ধা। রাজপরিবারের সূত্রে জানা যায়, মংহ্নাই প্রু চৌধুরী ইউনিভার্সিটি অব আর্টস অ্যান্ড সায়েন্স নামের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে চারুকলা বিভাগে দ্বিতীয় বর্ষে পড়াশোনা করতেন। সকালে তিনি বিশ্ববিদ্যালয়ে যাওয়ার আগে ধানমন্ডি লেকে তাঁর এক বন্ধুর সঙ্গে গোসল করতে গিয়েছিলেন। সাঁতার কাটার একপর্যায়ে তিনি লেকের গভীরে গিয়ে ডুবে যান। এ সময় তাঁর বন্ধুরা তাঁকে উদ্ধার করার চেষ্টা করেও পারেননি। দুপুরের দিকে ডুবুরিরা এসে তাঁর মরদেহ উদ্ধার করেন। বোমাং রাজার মেয়েজামাই ও মুক্তিযোদ্ধা মংচিংহ্লা চৌধুরীর ছেলের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে রাজপরিবার ও পরিচিত মহলে শোকের ছায়া নেমে আসে।গতকাল বিকেলে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। বোমাং রাজপুত্র চহ্লাপ্রু জিমি বলেন, মংহ্নাই একজন ভালো সাঁতারু হওয়া সত্ত্বেও পানিতে ডুবে মারা যাবেন, তা কোনোমতেই হিসাবে মেলানো যাচ্ছে না।