ধানমন্ডিতে আইনজীবী খুন
রাজধানীর ধানমন্ডিতে নাজির হায়াত খান (৬০) নামে এক আইনজীবীকে হত্যা করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।নিহত নাজির হাইকোর্টে আইনচর্চা করতেন। তিনি ধানমন্ডির ৯/এ সড়কের একটি অ্যাপার্টমেন্টের চারতলার ফ্ল্যাটে একাই থাকতেন। তাঁর স্ত্রী লালমাটিয়ায় ভাড়া বাসায় থাকতেন। তাঁদের দুই সন্তানই প্রবাসী।ধানমন্ডি থানার পুলিশ জানায়, রোববার বিকেল পাঁচটার দিকে ফ্ল্যাটের দরজা ভেঙে শয়নকক্ষের খাটের নিচ থেকে উপুড় অবস্থায় নাজিরের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। তাঁর গলায় রশি পেঁচানো এবং হাত পিছমোড়া করে ও দুই পা একসঙ্গে রশি দিয়ে বাঁধা ছিল। গায়ে কাপড় ছিল না। ধারণা করা হচ্ছে, তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তাঁকে ড্রয়িংরুম থেকে টেনে-হিঁচড়ে শয়নকক্ষে নিয়ে যাওয়ার আলামত পাওয়া গেছে। ওই ফ্ল্যাটের দরজা বাইরে থেকেও বন্ধ করা যায়।ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, একাধিক ব্যক্তি মিলে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে মনে হচ্ছে। ঘটনাটি শুক্রবার দুপুরের পর হয়ে থাকতে পারে। ভবনটির অতিথি নিবন্ধন খাতা জব্দ করা হয়েছে। ওই খাতায় দেখা গেছে, শুক্রবার দুপুর পৌনে একটার দিকে নাজিরের ফ্ল্যাটে সর্বশেষ একজন মহিলা এসেছিলেন।ওসি বলেন, আর্থিক লেনদেনসংক্রান্ত কিছু বিষয় সন্দেহ করা হচ্ছে। এর বাইরেও পুলিশ সব সম্ভাবনাই খতিয়ে দেখবে।পুলিশ জানায়, গতকাল নিহত নাজিরের স্ত্রী সানজিদা খানের কাছ থেকে তথ্য পেয়ে ওই ফ্ল্যাটে যায় পুলিশ।