ধানমন্ডিতে আবাসিক ভবনে আগুন, বৃদ্ধার মৃত্যু
রাজধানীর ধানমন্ডি এলাকায় গতকাল শনিবার দিবাগত রাতে একটি বহুতল আবাসিক ভবনে আগুনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
মারা যাওয়া বৃদ্ধার নাম মুন্নুজান বেগম। ১২ তলা ভবনের আট তলায় থাকতেন তিনি। আগুন থেকে সৃষ্ট ধোয়ার কারণে তাঁর মৃত্যু হতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মাহমুদুল হক প্রথম আলোকে বলেন, পশ্চিম ধানমন্ডির ৮/এ সড়কের ৮৫/২ নম্বর বাড়িতে গভীর রাতে আগুন লাগে। দিবাগত রাত সোয়া একটার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। রাত তিনটার দিকে আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, ভবনের নিচতলায় আগুন লাগে। পরে তা ওপরের দিকে ছড়িয়ে যায়। ভবনের বিভিন্ন তলা থেকে অর্ধশতাধিক বাসিন্দাকে বের করে আনা হয়। আট তলা থেকে মুন্নুজানকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। পরে তাঁর লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা মাহমুদুল হকের ভাষ্য, বৈদ্যুতিক ত্রুটির কারণে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে।