ধানমন্ডিতে একটি হাসপাতাল বন্ধ করে দিয়েছেন আদালত
র্যা বের ভ্রাম্যমাণ আদালত গতকাল রাজধানীর দুটি হাসপাতালে অভিযান চালিয়েছেন। আদালত একটি হাসপাতালকে জরিমানা এবং অন্যটি বন্ধ করার আদেশ দেন।
র্যা ব জানায়, র্যা ব ও ঔষধ প্রশাসন অধিদপ্তরের একটি যৌথ দল ধানমন্ডি ৮ নম্বর সড়কের প্যানোরোমা হসপিটালে অভিযান চালান। আদালত দেখতে পান, হাসপাতালে নার্সের কাউন্সেলিং সার্টিফিকেট ও ল্যাব টেকনিশিয়ানের ডিপ্লোমা সনদ নেই। হাসপাতাল ও ল্যাবের লাইসেন্স থাকলেও তা নবায়ন করা হয়নি। আবার সেবার মূল্যতালিকা টাঙানোর কথা থাকলেও তা প্রদর্শন করা হয়নি। এসব অপরাধে দুজন কর্মচারীকে আটক করা হয়। আটক করা ব্যক্তিরা দোষ স্বীকার করলে আদালত তাঁদের ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা এবং তা অনাদায়ে প্রত্যেককে এক মাস কারাদণ্ড দেন।
একই এলাকায় কনশাস হেলথ সার্ভিস লিমিটেড হাসপাতালে অভিযান চালানো হয়। আদালত দেখতে পান, ওই হাসপাতালের কোনো অনুমোদন নেই। ড্রাগ লাইসেন্সও নেই। পরিবেশ অধিদপ্তরের অনুমতি নেই। এসব অপরাধে আদালত হাসপাতালের চারজন কর্মচারীকে আটক করেন। পরে তাঁরা দোষ স্বীকার করলে আদালত প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক নাসির উদ্দিন ও হিসাবরক্ষক মাজহারুল ইসলামকে এক লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে প্রত্যেককে এক মাসের কারাদণ্ড দেন। আদালত ফার্মাসিস্ট মাহমুদা খাতুন ও অভ্যর্থনাকারী তৌফিক আরিফকে এক লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে প্রত্যেককে এক মাসের কারাদণ্ড দেন। আদালত হাসপাতালটি বন্ধ করার আদেশ দেন। এ হাসপাতালের রোগীদের এক মাসের মধ্যে অন্য হাসপাতালে নিতে বলা হয়।