ধানমন্ডিতে গৃহকর্মীর লাশ উদ্ধার
রাজধানীর ধানমন্ডি আবাসিক এলাকার একটি বাসা থেকে আজ শনিবার সকালে একজন গৃহকর্মীর লাশ উদ্ধার করা হয়েছে। নূরজাহান (৬৫) নামের এই গৃহকর্মীর মৃত্যুর কারণ জানা যায়নি। তাঁর গ্রামের বাড়ি ময়মনসিংহের ভালুকায়।
আজ সকাল নয়টার দিকে ধানমন্ডির ৪ নম্বর রোডের ২৭ নম্বর বাসার দোতলায় ১০৪ নম্বর ফ্ল্যাট থেকে পুলিশ নূরজাহানের লাশ উদ্ধার করে। তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মো. মাহবুব আলীর বাসায় গৃহকর্মীর কাজ করতেন।
ড. মাহবুব আলী প্রথম আলোকে জানান, গতকাল শুক্রবার রাতে খাওয়ার টেবিলে খাবার পরিবেশন করেন নূরজাহান। এর পর থেকে তাঁর আর কোনো খোঁজ মিলছিল না। ভবনের ব্যবস্থাপককে নিয়ে আশপাশে খোঁজাখুঁজি করেও নূরজাহানের সন্ধান মেলেনি।
আজ সকাল পৌনে সাতটার দিকে ব্যবস্থাপক ফোন করে মাহবুব আলীকে জানান, নূরজাহান পাশের দোতলার দুটি ফ্ল্যাটের মাঝামাঝি স্থানে ঘুমিয়ে আছেন। মাহবুব তখন ধারণা করেন নূরজাহান হয়তো বেঁচে নেই। পুলিশ ও র্যাবকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে গিয়ে ওই গৃহকর্মীর লাশ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) জিয়াউর রহমান জানান, নূরজাহানের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।