ধানমন্ডিতে ছিনতাইয়ের শিকার বর-কনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সময় শনিবার দিবাগত রাত পৌনে একটা। স্থান রাজধানীর ধানমন্ডির ৯ নম্বর সড়ক। বাড়ির সামনে একটি গাড়িতে বসে বিয়েতে আসা কয়েকজন স্বজনের সঙ্গে কথা বলছিলেন বর-কনে। হঠাৎ সেখানে এসে থামল দুটি গাড়ি, নেমে এল পাঁচ যুবক। তারা অস্ত্রের মুখে নববধূর গয়না, বরের হাতঘড়ি, পাঁচটি মুঠোফোন, টাকাসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিয়ে চলে গেল।এই ঘটনার শিকার হয়েছেন সদ্যবিবাহিত অস্ট্রেলিয়াপ্রবাসী ফয়সাল হাসান চৌধুরী, তাঁর স্ত্রী ও স্বজনেরা। ঘটনাটি পুরো পরিবারকে বিস্মিত করেছে।পরিবারটির ঘনিষ্ঠ পারভেজ হালিম জানান, বারিধারায় বিয়ের অনুষ্ঠান শেষে গভীর রাতে বর-কনে ও বরযাত্রীরা বর ফয়সাল হাসান চৌধুরীর বাসায় ফেরেন। পরে বাসায় আসা স্বজন ও বন্ধুদের বিদায় জানাতে বর-বধূ বাসার সামনে যান। শীতের কারণে বর-কনে সামনে সড়কে থাকা একটি গাড়িতে উঠে কয়েকজন স্বজনের সঙ্গে কথা বলছিলেন। এ সময় একটি নীল রঙের ট্যাক্সিক্যাব ও সাদা রঙের একটি এক্স করোলা গাড়ি তাঁদের পাশে এসে থামে। দুই গাড়ি থেকে পাঁচ যুবক নেমে আসে। তাদের তিনজনের হাতে ছিল চাপাতি ও একজনের হাতে পিস্তল। তারা অস্ত্রের মুখে কনের কিছু গয়না, বরের হাতঘড়ি ও মানিব্যাগ, গাড়িতে থাকা অন্যদের মুঠোফোন ও টাকা ছিনিয়ে নেয়। এরপর ছিনতাইকারীরা ওই গাড়ির কাচ ভেঙে চাবি নিয়ে দ্রুত চলে যায়। ছিনতাইকারীদের দুটি গাড়িরই নম্বরপ্লেট সাদা কাগজ দিয়ে ঢাকা ছিল।পুলিশের সূত্র জানায়, ধানমন্ডিতে ছিনতাইকারীদের উপদ্রবের কারণে গত বছর ১০ নম্বর সড়কটি রাতে বন্ধ রাখত পুলিশ। এর পরও ছিনতাই বন্ধ হয়নি। রাতে ওই এলাকার রাস্তাগুলো ফাঁকা থাকায় ছিনতাইকারীরা গাড়ি নিয়ে দ্রুত পালিয়ে যেতে পারে।ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ঘটনাটি তাঁরা শুনেছেন। তবে ঘটনার শিকার পরিবারটির পক্ষ থেকে কেউ এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ করেননি।