ধানমন্ডিতে দোকান কর্মীকে পিটিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাকা আত্মসাতের অভিযোগে রাজধানীর ধানমন্ডিতে এক দোকানমালিক তাঁর কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। গতকাল বিকেলে তাঁর লাশ দোকানমালিকের বাড়ি থেকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।এ ঘটনায় জহির নামে অপর এক কর্মচারীকে আটক করেছে পুলিশ। তবে অভিযুক্ত দোকানমালিক হায়দার হোসেন সাদী ও তাঁর ভাইয়েরা পালিয়ে গেছেন।পুলিশের রমনা বিভাগের উপকমিশনার কৃষ্ণপদ রায় জানান, ধানমন্ডি ৬/এ (সাতমসজিদ রোড) সড়কের ৬৭ নম্বর ভবনের তৃতীয় তলার একটি ভাড়া ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। নিহত কর্মচারী নুরুন্নবী (২৮) ওই ফ্ল্যাটেই থাকতেন। ফ্ল্যাটটিতে হায়দার হোসেন সাদী ও তাঁর ভাইয়েরা মাঝে মাঝে থাকতেন। রাইফেলস স্কয়ার, মেট্রো শপিং মল ও র‌্যাংগস আনাম প্লাজায় ‘ভ্যালিন্ডা’ নামে পাঁচটি পোশাকের দোকান রয়েছে সাদীর। নুরুন্নবী এসব দোকানে মালামাল পৌঁছে দেওয়া, টাকা সংগ্রহ করে আনা ও বাড়িতে রান্নাবান্নার কাজ করতেন।পুলিশ জানায়, গতকাল ওই ফ্ল্যাটের বাথরুমের মেঝেতে গলায় রশি পেঁচানো অবস্থায় পড়ে ছিল নুরুন্নবীর লাশ। ওই ফ্ল্যাটেরই অপর একটি কক্ষে জহিরকে আটকে রাখেন মালিক। পরে গতকাল বিকেলে পুলিশ এসে ফ্ল্যাটের দরজা ভেঙে নুরুন্নবীর লাশ ও জহিরকে উদ্ধার করে।নিহত নুরুন্নবীর বোন মায়া বেগম জানান, গতকাল সকালে দোকানের মালিক সাদী তাঁদের ফোন করে নুরুন্নবীর মৃত্যুর খবর জানান। খবর শুনে তাঁরা গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ থেকে ঢাকায় আসেন। ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, মালিক ও তাঁর ভাইয়েরা পলাতক রয়েছেন। এ বিষয়ে গতকাল রাত পর্যন্ত কোনো মামলা হয়নি।