ধানমন্ডিতে নিরাপত্তা দেয়াল ধসে দুই শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ধানমন্ডিতে একটি নির্মাণাধীন ভবনের নিরাপত্তা দেয়াল ধসে আবদুল মালেক (৩৫) ও ইছাক (৩৩) নামের দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চার শ্রমিক আহত হয়েছেন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শী ও কর্মরত শ্রমিক মোজাহিদ জানান, গতকাল সোমবার সকাল আটটা থেকে ধানমন্ডির ২৮ নম্বর সড়কের একটি নির্মাণাধীন ভবনে ২২ জন শ্রমিক মাটি খোঁড়ার কাজ করছিলেন। বিকেল চারটার দিকে হঠাৎ একটি কাঁচা দেয়াল ধসে তাঁদের ওপর পড়লে তাঁরা আহত হন। অন্য শ্রমিকেরা এগিয়ে এসে চাপা পড়া দেয়াল থেকে আহত শ্রমিকদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত শ্রমিকদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ইছাক নামের এক শ্রমিককে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। চিকিৎসাধীন অবস্থায় রাতে আবদুল মালেকের মৃত্যু হয়। আহত বাছির, মিলন মিয়া, আবুল কালাম ও বিল্লাহ হোসেন হাসপাতালে ভর্তি রয়েছেন।ধানমন্ডি থানার শিক্ষানবিশ উপ-পরিদর্শক (পিএসআই) সোহেল রানা প্রথম আলোকে বলেন, ধানমন্ডির ২৮ নম্বর সড়কের ৩৪ নম্বর নির্মাণাধীন বাড়িতে একটি বেসরকারি নির্মাণ-প্রতিষ্ঠানের শ্রমিকেরা মাটি খোঁড়ার কাজ করছিলেন। এ সময় নিরাপত্তা দেয়াল ধসে পড়লে ছয়জন শ্রমিক আহত হন। ওই দেয়ালটি গত রোববার নির্মাণ করা হয়। আহত শ্রমিকদের মধ্যে আবদুল মালেক ও ইছাক নামের দুজন মারা যান।সোহেল রানা আরও বলেন, নিহত আবদুল মালেকের বাবার নাম আবদুর রহমান সরকার। তাঁর গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার মহেশপট্টি গ্রামে। নিহত ইছাকের বাবার নাম আবদুস সোবহান। তাঁর গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার মদন উপজেলার ফতেপুর গ্রামে। ঘটনার পর নির্মাণ-প্রতিষ্ঠানের লোকজন পালিয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে বলে তিনি জানান।