ধানমন্ডিতে বাসচাপায় নারী নিহত, ভাঙচুর

রাজধানীর ধানমন্ডিতে গতকাল বৃহস্পতিবার বাসচাপায় খালেদা খানম কাকলী (৩৫) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা বেশ কয়েকটি বাস ভাঙচুর করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার ও পরিস্থিতি শান্ত করে।
ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রশিদ প্রথম আলোকে বলেন, খবর পেয়ে গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে ধানমন্ডির সাতমসজিদ রোড এলাকার সড়ক থেকে রক্তাক্ত লাশটি উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, রাজা সিটি পরিবহনের দুটি বাসের চালক প্রতিযোগিতা করে গাড়ি চালাচ্ছিলেন। এ সময় একটি বাসের চাপায় ওই নারী নিহত হন। পরে বিক্ষুব্ধ জনতা ওই বাস দুটিসহ আরও কয়েকটি বাস ভাঙচুর করে।
তবে ধানমন্ডি থানার ওসি মাসুদ করিম বলেন, ওই নারী একটি বাস থেকে নামছিলেন। তখন পেছন দিক থেকে আসা আরেকটি বাস ওই নারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
পুলিশ জানায়, ঘটনার পর দুটি বাস ও এক চালককে আটক করে থানায় নেওয়া হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, লাশ উদ্ধার করে পুলিশ সন্ধ্যার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। জরুরি বিভাগের মর্গে লাশ রাখা হয়। পরে নিহত নারীর বড় ভাই নূর আল আহাদ হাসপাতালে গিয়ে লাশ শনাক্ত করেন।
নূল আল আহাদ সাংবাদিকদের জানান, খালেদা পরিবারের সঙ্গে মোহাম্মদপুর চানমিয়া হাউজিং এলাকায় থাকতেন। তিনি গৃহিণী ও দুই সন্তানের জননী। তাঁর স্বামী আবদুল কাদের ইডেন কলেজের মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক।