ধানমন্ডিতে বাহারি ইফতারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধানমন্ডির একটি ইফতারির দোকানে চলছে বেচাকেনা। গতকাল বিকেলে তোলা ছবি l প্রথম আলো
ধানমন্ডির একটি ইফতারির দোকানে চলছে বেচাকেনা। গতকাল বিকেলে তোলা ছবি l প্রথম আলো

মঙ্গলবার বিকেল চারটা। ধানমন্ডির সাতমসজিদ রোড। ফুটপাত ঘেঁষে তৈরি করা শামিয়ানার নিচে বাহারি ইফতারির পসরা সাজিয়েছে কড়াই গোশত ও বাবুর্চি রেস্তোরাঁ। তবে ছোলা, চপ, পেঁয়াজু, বেগুনিসহ পরিচিত পদের চেয়ে সেখানে বেশি দেখা গেছে চিকেনের তৈরি ইফতারি। এসব ইফতারি কিনতে সেখানে ছিল ক্রেতাদের উপচে পড়া ভিড়।
ইফতারির বিশেষ আয়োজন রয়েছে রেস্তোরাঁ দুটির। এভাবে সাতমসজিদ রোডের কেএফসি, পাপরিকা, হান্ডিসহ বিভিন্ন ফাস্টফুড শপ ও রেস্তোরাঁয় আছে ইফতারির আয়োজন।
কেএফসিতে থাকছে জিঞ্জার বার্গারের আনলিমিটেড অফার। এই সুযোগ নিতে হলে প্রথমে অনলাইনে ফরম পূরণ করতে হবে। এরপর ইফতারের সময় থেকে রাত আটটা পর্যন্ত একজন ক্রেতা ৬৯৯ টাকায় যত খুশি জিঞ্জার বার্গার খেতে পারবেন। এর সঙ্গে থাকছে ৩৫০ মিলি ড্রিংস। ৬৯৯ টাকার সঙ্গে আরও ১৫০ টাকা যোগ করলে যত খুশি পানীয়ও নিতে পারবেন একজন ক্রেতা।
কড়াই গোশত বিক্রি করছে ৫০ ধরনের ইফতারি। এর মধ্যে ২৫টি পদই চিকেনের তৈরি। এখানে রয়েছে ১৯০, ৩০০, ৩৩০ ও ৩৪০ টাকার বিশেষ ইফতার বক্স।
কড়াই গোশতের বিক্রয়কর্মী সাচ্চু মিয়া বলেন, মুঠোফোনে ফরমাশ দিলে তাঁরা ইফতারি বাসায় পৌঁছে দেন। তিনি জানান, প্রতিদিন ইফতারের আগেই তাঁদের প্রায় সব ইফতারি বিক্রি হয়ে যায়। তাঁদের চিকেনের তৈরি ইফতারির চাহিদা বেশি।
সাতমসজিদ রোডের একটি বহুতল ভবনের দুটি ফ্লোর নিয়ে আছে পাপরিকা রেস্তোরাঁ। রেস্তোরাঁর সামনে ইফতারি বিক্রির ব্যবস্থা করেছে রেস্তোরাঁটি।
রেস্তোরাঁর ব্যবস্থাপক আবদুল্লাহ গোলাম আহমেদ বলেন, তাঁরা রেস্তোরাঁর ভেতরেই ইফতারি তৈরি করেন। রেস্তোরাঁয় বসে ইফতার করার ব্যবস্থা রয়েছে। তবে অনেকেই ইফতার বাসায় নিয়ে যান।
সাতমসজিদ রোডের হান্ডি রেস্তোরাঁর ব্যবস্থাপক সাইদুল ইসলাম জানান, তাঁদের পেস্তা শরবত, চাটগাঁইয়্যা হালিম, দই বড়া, বিফ চাপের চাহিদা সবচেয়ে বেশি। তিনি জানান, রমজান মাসের প্রথম দিন থেকে গতকাল পর্যন্ত তাঁদের রেস্তোরাঁয় এসব পদ বেশি বিক্রি হয়েছে। এ ছাড়া তাঁদের রেস্তোরাঁয় মিলছে চিকেন কাবাব, লাচ্ছি, হায়দ্রাবাদি বিরিয়ানি, বিফ হালিমসহ ঐতিহ্যবাহী বিভিন্ন ইফতারি।
গতকাল বিকেলে হান্ডি রেস্তোরাঁর সামনে কথা হয় মোনাব্বির নামের এক ব্যক্তির সঙ্গে। রেস্তোরাঁর পেছনেই তাঁর বাসা। দুই ছেলেকে সঙ্গে নিয়ে এসেছেন ইফতারি কিনতে। মোনাব্বির কিনেছেন বিফ চাপ, চিকেন শিক কাবাব, দই ও শাহি জিলাপি। তিনি বলেন, ‘বাসায় বিভিন্ন ধরনের ইফতারি তৈরি করা হয়। তারপরও ছেলেদের জন্য বাইরে থেকে ইফতারি কিনেছি।’