ধানমন্ডিতে বাড়িতে মিলল এডিস মশার লার্ভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ধানমন্ডির সাতমসজিদ রোডের বিভিন্ন বাড়ি ও নির্মাণাধীন স্থাপনায় অভিযান চালিয়ে এডিস মশার লার্ভা পেয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। সোমবার এডিস মশার লার্ভা বা প্রজননস্থল শনাক্ত ও ধ্বংস করতে সচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে এ অভিযান চালানো হয়।

ডিএসসিসির স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, পক্ষকালব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে ডিএসসিসির ৫৭টি ওয়ার্ডের ৫ হাজার ৭০০টির বেশি বাড়িতে অভিযান চালানো হবে। এসব বাড়িতে এডিস মশার প্রজননস্থল থাকলে ধ্বংস করা হবে। একই সঙ্গে কীভাবে মশার প্রজননস্থল ধ্বংস করতে হয়, তা বাসিন্দাদের শেখানো হবে। তারপরও এসব বাড়িতে অভিযান চালিয়ে এডিস মশার লার্ভা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ডিএসসিসি।

তবে ডিএসসিসির এই অভিযানের পাশাপাশি পাড়া-মহল্লায় নিয়মিত মশার ওষুধ ছিটানোর দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। অন্যথায় এ ধরনের কর্মসূচি কাজে আসবে না বলে জানিয়েছেন তাঁরা। সোমবার এই কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসসিসির মেয়র সাঈদ খোকন বলেন, ‘গত বছর এই সময়ে ঢাকায় চিকুনগুনিয়ার ব্যাপক বিস্তার ঘটেছিল। সে সময় এই রোগ সম্পর্কে আমাদের তেমন অভিজ্ঞতা ছিল না। তারপরও আমরা দ্রুত সময়ে তা প্রতিরোধ করতে সক্ষম হয়েছি। তাই আমরা এবার আগাম প্রস্তুতি গ্রহণ করেছি।’

মেয়র সাঈদ খোকন বলেন, চিকুনগুনিয়া মশা বা এডিস মশা সাধারণত বাড়ির ছাদে, শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র (এসি), ফুলের টব, পানির বোতল, স্বচ্ছ পানিতে বংশ বিস্তার করে। এসব স্থানে ডিএসসিসির পক্ষে মশার ওষুধ ছিটানো সম্ভব নয়। তাই নিজ নিজ বাড়ির ভেতর ও চারপাশ নিজেকেই পরিষ্কার রাখতে হবে।

এই কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানের আগে স্থানীয় বাসিন্দা আশরাফুল ইসলাম, আনিছুর রহমান তাঁদের এলাকায় নিয়মিত মশার ওষুধ ছিটানো হয় না বলে অভিযোগ করেন। বিষয়টি ডিএসসিসি মেয়র সাঈদ খোকনকে জানালে তিনি বলেন, ‘মশার ওষুধ ছিটানো নিয়ে আমরা এবার খুব সচেতন আছি। তারপরও কোনো এলাকায় নিয়মিত মশার ওষুধ ছিটানো না হলে ডিএসসিসির সংশ্লিষ্ট দপ্তরে জানাতে হবে। এ জন্য শিগগির একটি হটলাইন নম্বর চালু করা হবে।’

উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাতমসজিদ রোডের পশ্চিম পাশের দুটি নির্মাণাধীন বাড়িতে অভিযান চালানো হয়। এর মধ্যে একটিতে এডিস মশার লার্ভা পাওয়া যায়। তা পরিষ্কার করতে বাড়ির মালিককে নির্দেশ দেওয়া হয়। পরে ডিএসসিসির একটি দল এই এলাকার আরও চারটি বাড়িতে অভিযান চালায়। এর মধ্যে দুটি বাড়ির বিভিন্ন স্থানে জমে থাকা পানিতে লার্ভা পাওয়া গেছে। সেগুলোও ধ্বংস করা হয়।

মশার লার্ভা পাওয়া গেছে এমন একটি বাড়ির মালিকের নাম রফিকুল ইসলাম। তিনি বলেন, ডিএসসিসির এই উদ্যোগ ভালো। কিন্তু তাঁদের পাড়া-মহল্লায় নিয়মিত মশার ওষুধ ছিটাতে হবে।

কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শেখ সালাউদ্দীন উপস্থিত ছিলেন।