ধানমন্ডিতে বিটিসিএলের ৮০০ টেলিফোন সংযোগ বিকল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভূগর্ভস্থ তার চুরির কারণে রাজধানীর ধানমন্ডির সাতমসজিদ রোডের বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) প্রায় ৮০০ টেলিফোন বিকল হয়ে পড়েছে। এ সংযোগগুলো বিটিসিএলের শেরেবাংলা নগর এক্সচেঞ্জের আওতাধীন। বিটিসিএলের বিজ্ঞপ্তিতে আজ রোববার এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ধানমন্ডির আবাহনী মাঠ-সংলগ্ন সাতমসজিদ রোড এলাকার ৮/এ, ১০/এ, ১২/এ রাস্তায় টেলিফোন সংযোগগুলোর অবস্থান। গতকাল শনিবার রাতে এ এলাকায় ভূগর্ভস্থ তার চুরির ঘটনা ঘটে। একই এলাকায় গত বছরের ৯ ডিসেম্বর রাতে প্রায় ১৭০ মিটার তার চুরির ঘটনা ঘটেছিল।

তার চুরির বিষয়ে ধানমন্ডি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে বিটিসিএল কর্তৃপক্ষ। আগামী দুই-তিন দিনের মধ্যে টেলিফোনগুলো আবার চালু করা সম্ভব হবে বলে জানায় কর্তৃপক্ষ।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য বিটিসিএল কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করে জানিয়েছে, দুই-তিন দিনের মধ্যে অচল সংযোগ চালু করতে কাজ চলছে।