ধানমন্ডিতে ভবনে মশার লার্ভা, সাতটি ভবনকে জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এডিস মশার লার্ভা পাওয়ায় ধানমন্ডির সাতটি ভবনকে ৭৭ হাজার টাকা জরিমানা করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ভ্রাম্যমাণ আদালত। ডিএসসিসির অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম আজ শনিবার দুপুরে এই আদালত পরিচালনা করেন।
ডিএসসিসির জনসংযোগ বিভাগ জানায়, আজ দুপুরে ধানমন্ডি ১২/এ সড়ক ‘নগর হোমস’ নামের রিয়েল এস্টেট কোম্পানির নির্মাণাধীন একটি ভবনে এডিস মশার লার্ভা পায় ডিএসসিসির অঞ্চল-১ এর কর্মকর্তারা। এ সময় এই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সড়কের ৫৩ নম্বর হোল্ডিংয়ে অপরিচ্ছন্ন পরিবেশ ও মশার প্রজননের উপাদান থাকায় ১০ হাজার টাকা জরিমানা করেন একই আদালত। এ ছাড়া একই অপরাধে ধানমন্ডির বিভিন্ন সড়কের আরও পাঁচটি বাড়িকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।