ধানমন্ডিতে মিনিবাস কেড়ে নিল অতিরিক্ত সচিবের প্রাণ
রাজধানীর ধানমন্ডিতে গতকাল শুক্রবার মিনিবাসের চাপায় প্রাণ হারিয়েছেন সংস্থাপন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবু তাহের (৫৫)। রাস্তা পারাপারের জন্য ডিভাইডার ঘেঁষে দাঁড়ানো তাহেরকে দ্রুতগতির মিনিবাস চাপা দেয়। ঘটনার পর বিকল্প সিটি সুপার সার্ভিসের ওই মিনিবাসটি রেখে চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আবু তাহের সকাল ১০টার দিকে ধানমন্ডির ৮ নম্বর সড়কে ধানমন্ডি ক্লাবের সামনের রাস্তা পার হচ্ছিলেন। তিনি অর্ধেক রাস্তা পেরিয়ে বাকিটুকু পার হওয়ার জন্য একটু এগিয়ে কাঁটাতার থাকা ডিভাইডার ঘেঁষে অপেক্ষা করছিলেন। এ সময় ঢাকেশ্বরী থেকে মিরপুরগামী মিনিবাসটি (ঢাকা-মেট্রো-ব-১১-৩১১৭) তাঁকে চাপা দেয়। তিনি মাথা, বুক ও হাতে গুরুতর আঘাত পান। আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে সকাল সোয়া ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বেলা ১১টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর সঙ্গে থাকা পরিচয়পত্র দেখে স্বজনদের খবর দেওয়া হয়। পুলিশ মিনিবাসটি আটক করেছে।প্রত্যক্ষদর্শী ও আবু তাহেরকে হাসপাতালে নেওয়া শামীম মোল্লা জানান, আবু তাহের যখন চাকার নিচে ছটফট করছিলেন, তখন যাত্রীরা মিনিবাস থেকে নেমে নিজ নিজ গন্তব্যে চলে যান। কেউ তাঁকে বাঁচাতে এগিয়ে আসেনি। তিনি ও তিন-চারজন মিলে ধাক্কা দিয়ে মিনিবাসটি সরিয়ে তাঁকে উদ্ধার করে ট্যাক্সিক্যাবে করে হাসপাতালে আনেন।ধানমন্ডি থানার পুলিশ জানায়, আবু তাহের সপরিবারে কল্যাণপুরের ১৬/৮ প্রাইমারি স্কুল সড়কের একটি ফ্ল্যাটে থাকতেন। ধানমন্ডি ৭ নম্বর সড়কের এআরএ সেন্টারে তাঁর ক্রীড়াসামগ্রীর একটি দোকান আছে। সাপ্তাহিক ছুটির দিনে তিনি দোকানে বসতেন। গতকালও দোকানে আসার জন্য তিনি বাসযোগে কলাবাগান বাসস্ট্যান্ডে নেমে সড়ক পার হচ্ছিলেন।খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন তাহেরের ছোট ছেলে আনিসুজ্জামান ও স্বজনেরা। তাঁদের আহাজারিতে হূদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়। তাহেরের বন্ধুবান্ধব, সংস্থাপন মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা ও শুভাকাঙ্ক্ষীরাও হাসপাতালে আসেন।আবু তাহেরের গ্রামের বাড়ি কুমিল্লার হোমনার আলীপুর গ্রামে। তাঁর তিন ছেলের মধ্যে বড় ছেলে মুনতাসীর মামুন আমেরিকা-প্রবাসী, মেজ ছেলে আবদুল্লাহ আল মামুন জেনারেল ফার্মার উৎপাদন কর্মকর্তা এবং ছোট ছেলে আনিসুজ্জামান মিরপুর বাংলা কলেজের সম্মান শেষ বর্ষের ছাত্র। স্ত্রী সাজেদা বেগম গৃহিণী। তাহের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) ছিলেন।ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) মতলুবর রহমান জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশের ময়নাতদন্ত করা হয়নি। ঘটনার ব্যাপারে আবু তাহেরের প্রতিবেশী হাবিবুর রহমান বিকেলে মামলা করেছেন।