ধানমন্ডিতে মূল সড়কে ময়লার স্তূপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধানমন্ডি সাতমসজিদ সড়কের ঈদগাহের পাশে অর্ধেক জায়গাজুড়ে ময়লার ভাগাড়। সঙ্গের ফুটপাতও দখল আবর্জনা রাখার জিনিসপত্রে। পথচারীরা চলেন নাক চেপে। মূল সড়কটিও সরু হয়ে গেছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ‘দৃষ্টি দূষণ রোধে’ রাজধানীর বিভিন্ন স্থানে বেড়া দিয়ে সড়কের আবর্জনা আড়াল করার ব্যবস্থা করেছে। ধানমন্ডির ৬/এ থেকে ৭/এ-এর মাঝামাঝি জায়গাতেও একইভাবে দীর্ঘদিন ধরে আবর্জনা জমা করা হয়। রমজান আলী নামের এক পরিচ্ছন্নতাকর্মী বলেন, সারা দিন বাসাবাড়িসহ বিভিন্ন স্থান থেকে তাঁরা আবর্জনা নিয়ে আসেন। বিকেল তিনটার পর সিটি করপোরেশনের গাড়ি এসে আবর্জনাগুলো নিয়ে যায়।
আবর্জনা মাঝ সড়ক পর্যন্ত এসে পড়েছে। যানবাহনগুলোকে চেপে চলতে হয়। এর একটু সামনেই বাসের কিছু অস্থায়ী কাউন্টার। বাস থামলে অপেক্ষমাণ যাত্রীরা নাক চেপে দাঁড়িয়ে থাকেন। পথচারীরা এই জায়গা অতিক্রম করার সময়ে বেশ ঝামেলায় পড়েন। গতকাল একজন পথচারী ফুটপাতে উঠতে গিয়েও ওঠেননি। তিনি মূল সড়ক ধরে হাঁটার জন্য অপেক্ষা করেন। কিন্তু সেখানে অবিরত গাড়ি ছুটছে।
জায়গাটি ডিএসসিসির ১৫ নম্বর ওয়ার্ডের অধীন। কাউন্সিলর জাকির হোসেন বলেন, ‘কোথায় রাখব? ধানমন্ডি অনেক বড় এলাকা। কিন্তু আবর্জনা রাখার কোনো জায়গা নেই।’ তিনি বলেন, আবাসিক এলাকায় রাখা যাবে না। এই সড়কটি বাদে তাঁরা আর কোনো জায়গা এখনো খুঁজে পাননি।