ধানমন্ডিতে সকালের হাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধানমন্ডি রবীন্দ্রসরোবরে রাস্তার পাশ ঘেঁষে বসে এ ধরনের বাজার। প্রাতর্ভ্রমণে আসা এবং বাচ্চাদের স্কুলে দিতে আসা মায়েরা সকালবেলার এই বাজারের ক্রেতা l ছবি: প্রথম আলো
ধানমন্ডি রবীন্দ্রসরোবরে রাস্তার পাশ ঘেঁষে বসে এ ধরনের বাজার। প্রাতর্ভ্রমণে আসা এবং বাচ্চাদের স্কুলে দিতে আসা মায়েরা সকালবেলার এই বাজারের ক্রেতা l ছবি: প্রথম আলো

‘আমার চেয়ে কম দামে কে দিব? একটা খুন্তি ৮০ টাকা! নিজে হাতে সিলভর গালায়া বানাইছি’—বুক ফুলিয়ে বলছিলেন বকুল মিয়া। ধানমন্ডির রবীন্দ্রসরোবরের সামনে তাঁকে ঘিরে তখন জনা দশেক নারীর ভিড়। সিলভার গলানোর কথায় অবশ্য নারীরা গললেন না। তাঁরাও ঝানু গৃহিণী। তুমুল দর-কষাকষির পর ৭০ টাকায় রফা হলো।
কথাবার্তা বলে জানা গেল, সকাল ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত প্রতিদিনই এই জায়গাটি ক্রেতা-বিক্রেতাদের ভিড়ে সরগরম। বাচ্চাদের স্কুলে পৌঁছে দিয়ে মায়েরা এখানেই প্রতিদিনের কেনাকাটাটা সারেন। ক্রেতা এবং বিক্রেতাদের বড় অংশই নারী। গতকাল মঙ্গলবার রবীন্দ্রসরোবরকে ঘিরে গড়ে ওঠা সকালের হাটে কথা হলো দুই পক্ষের সঙ্গেই। কথা বলতে অবশ্য বেগ পেতে হয়েছে বেশ। অল্প সময়ের বাজার, ক্রেতা-বিক্রেতা দুই দলেরই ভীষণ তাড়া।
চার ঘণ্টার বাজারে কি-ই বা পাওয়া যাবে বলে যাঁদের মনে সন্দেহ আছে, তাঁরা চলে আসতে পারেন রবীন্দ্রসরোবরের সামনে। শাকসবজি, গরুর দুধ, জ্যান্ত মাছ, দেশি ফল বা হালে জনপ্রিয়তা পাওয়া যেকোনো খাবার তৈরিতে লাগে, এমন সবকিছু মিলবে এখানে। বিভিন্ন ডিজাইন ও রঙের কেডস, চপ্পল-ব্যাগ চাইলেও পাওযা যাবে। আছে টি-শার্ট, বিভিন্ন ধরনের পাজামাও। হাঁড়ি-পাতিল, মালা, চুড়ি থেকে শুরু করে বিছানার চাদর, গয়নাগাটিও আছে।
পোশাক ব্যবসায়ী শারমিনা গতকাল সকাল আটটা পর্যন্ত ‘বউনি’ করতে পারেননি। হাসিমুখে কাপড়ের ভাঁজ খুলে দেখাচ্ছিলেন ক্রেতাদের। এর মধ্যেই একটা থ্রি-পিস সাঈদা আক্তারের পছন্দ হলো। দাম ১ হাজার ২০০ টাকা। কিন্তু ক্রেতার হাতে এত টাকা নেই। আশ্বস্ত করলেন শারমিনা। বললেন, ‘বুকিং দিয়ে যান। ১০০টা টাকা দেন আর নাম, ফোন নম্বর রেখে যান। কাপড়টা তুলে রাখলাম। পরে যখন আসবেন, বাকি টাকা দিয়ে কাপড়টা নিয়ে যাবেন।’ বেচা-বিক্রির ফাঁকে বললেন, তিনি কাজটা খুব উপভোগ করছেন।
একই কথা বলছিলেন সাদিয়া আফরোজ। তিনি ওড়না, স্কার্ফ ও সালোয়ার বিক্রি করেন। বাসা ট্যানারি মোড়ে। দুই সন্তানের মা তিনি, স্বামী চাকরিজীবী। বড়টিকে স্কুলে দিয়ে এখানে চলে আসেন। ছোটটিকে রেখে আসেন মায়ের কাছে। হাত খরচটা উঠে যায় বলে জানালেন। রায়ের বাজারের সহিরুন ঘরে বসে মালা গাঁথেন, এখানে বিক্রি করেন। অনলাইনে গয়নাগাটি বিক্রি হয় এমন প্রতিষ্ঠান আকর্ষির পণ্য নিয়ে বসেছিলেন মনজিল। দারুণ সব গলার হার। এ বেলাটা এখানে থেকে পরে কারখানায় চলে যাবেন বলে জানালেন প্রথম আলোকে। এ জায়গাটা কেন পছন্দ—এমন প্রশ্নে একবাক্যে সবাই বললেন, অল্প সময়ে কাজ সেরে বাড়ি ফেরা যায়, বিপুল সংখ্যক মানুষের সমাগম হয়, ব্যবসায় কোনো ক্ষতি নেই।
শুধু যে কেনাকাটাই চলে এই বাজারে তা নয়। কেনাকাটার পাশাপাশি মায়েদের আড্ডাও হয়। সঙ্গে চলে শিঙাড়া, সমুচা আর চা। রাজু স্টোরের তারিক হোসেন বললেন, বছর দশেক আগে সকাল ১০টায় দোকান খুলতেন তাঁরা। স্কুলপড়ুয়া মায়েদের আনাগোনা যখন থেকে বাড়তে শুরু করেছে, তখন থেকে তাঁরাও সকালে দোকান খুলতে শুরু করেছেন। তিনি জানালেন, স্কুল খোলা থাকলে প্রতিদিন ৪০০ শিঙাড়া বানান, স্কুল বন্ধ থাকলে ২০০। বেলা ১১টার দিকে দোকানপাট বন্ধ করে চলে যান, আবার বিকেলে খোলেন।
বিপণিবিতানের তুলনায় দাম কেমন, এমন প্রশ্নে দুই ধরনের বক্তব্য পাওয়া গেল। এক ডজন ডিম কিনে বাড়ি ফিরছিলেন শিরিন সুলতানা। তিনি বললেন, দামের খুব একটা হেরফের নেই। আর বাজারের নিয়মিত ক্রেতা রোজিনা আফরোজা বললেন, নিউমার্কেট-গাউছিয়ার তুলনায় দাম সামান্য বেশি। ধানমন্ডি টিউটোরিয়ালে ছেলেকে নামিয়ে দিয়ে তিনি নিয়মিত এখান থেকেই বাজার করেন। দাম একটু বেশি হলেও তাঁর আপত্তি নেই। প্রথম আলোকে বললেন, ‘নিউমার্কেট গাউছিয়া যেতে যত সময় লাগবে, সেই সময়টা তো বাঁচল!’