
পুরান ঢাকা, মিরপুর বা মোহাম্মদপুরে টানা কয়েক দিন পানি না থাকার ঘটনা প্রায় নিয়মিত। কিন্তু অভিজাত এলাকা ধানমন্ডি এর ব্যতিক্রম। ধানমন্ডিতে মাঝে মাঝে পানির সমস্যা থাকলেও টানা কয়েক দিন ধরে পানি না থাকার ঘটনা সাধারণত ঘটে না।
‘ব্যতিক্রম’ বিষয়টি এবার ঘটে গেল। টানা ১১ দিন পানি নেই ধানমন্ডি ৭/এ, ৮/এ, ৯/এ এবং সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সের আশপাশের এলাকায়। এই এলাকাগুলোতে তিন শতাধিক অ্যাপার্টমেন্ট রয়েছে। প্রতিদিন পানি কিনতে হচ্ছে বাসিন্দাদের। ওয়াসার কাছে পানির গাড়ির জন্য চাহিদাপত্র দেওয়ার পরও কখন গাড়ি আসবে, তার নিশ্চয়তা নেই। কখনো কখনো সারা দিনেও গাড়ি আসে না। আবার পানির গাড়ি এলে নির্ধারিত মূল্যের চেয়ে ৩০০ থেকে ৫০০ টাকা বেশি দিতে হচ্ছে। পানি বিক্রির কোনো রসিদও দেওয়া হচ্ছে না বলে এলাকাবাসীর অভিযোগ। গতকাল শুক্রবার সকালে এলাকায় গিয়ে এসব তথ্য পাওয়া যায়।
এলাকাবাসী নিয়মিত অভিযোগ করছেন ঢাকা ওয়াসার আঞ্চলিক কার্যালয়ে। তাঁদের প্রতিদিনই বলা হচ্ছে, ‘আজই পানি সরবরাহ স্বাভাবিক হয়ে যাবে’। কিন্তু ‘সেই আজ’ প্রতিদিন পিছিয়ে যাচ্ছে।
৯/এ সড়কের একটি অ্যাপার্টমেন্টের বাসিন্দা বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত মোস্তাক আহমেদ বলেন, ‘সত্যি সত্যি পানি আসার দিনটি কবে আসবে, তার অপেক্ষায় আছেন এলাকাবাসী। এই এলাকায় যাঁরা বসবাস করেন, তাঁরা রাস্তায় নেমে মিছিল করার মতো নন। ওয়াসা কি এই সুযোগটিই নিচ্ছে?’
পানি কেন নেই—এর কারণ খুঁজতে গিয়ে কোনো তথ্যই পাচ্ছিলেন না এলাকাবাসী। কোনো পাম্প স্টেশনের গভীর নলকূপ বিকল হয়নি। পানির চাহিদা অনুযায়ী সরবরাহও অপ্রতুল নয়। তাহলে?
ওয়াসার স্থানীয় কার্যালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, ‘প্রথম দিকে আমরাই কারণ শনাক্ত করতে পারছিলাম না। পরে অনুসন্ধান করে জানা গেছে, এশীয় উন্নয়ন ব্যাংকের অর্থায়নে ঢাকা ওয়াসা ওয়াটার সাপ্লাই সেক্টর ডেভেলপমেন্ট প্রজেক্টের (ডিডব্লিউএসএসডিপি) গর্ত খোঁড়ার সময় ওয়াসার পুরোনো পানির পাইপলাইন ফেটে গেছে। খোঁজাখুঁজিতে এক সপ্তাহের বেশি লেগে গেছে। এখন জানা গেছে, পাইপ ফেটেছে সাতমসজিদ রোডে স্টার কাবাব রেস্তোরাঁর কাছে।’ নিজেদের প্রকল্পের কাজ করতে গিয়ে নিজেদেরই পাইপ ফাটিয়েছে ওয়াসা।
এলাকায় ওয়াসার আঞ্চলিক কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আবদুল ওয়াহাব গত বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, গত মঙ্গলবার রাত ১২টার দিকে ফাটা পাইপটি মেরামত করা হয়েছে। তারপরও কেন পানি আসছে না—এই প্রশ্নে তিনি বলেন, ‘কিছু বাড়িতে পানি গেছে। লাইন খালি থাকায় সব বাড়িতে এখনো যায়নি, শিগগিরই যাবে।’
তবে গতকাল শুক্রবারও একই অবস্থা চলছিল ধানমন্ডির এসব এলাকায়। ৯/এ সড়কের বাসিন্দা আজমল হোসেন বলেন, পানির গাড়ির জন্য গত বুধবার সকালে চাহিদাপত্র দিয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় গাড়ি আসে। গাড়ির গায়ে পানির দাম লেখা ছিল ৫০০ টাকা। তাঁর কাছ থেকে দ্বিগুণ টাকা চাইলে তিনি আপত্তি জানান। পরে তাঁকে বলা হয়, অনেক বাড়ি থেকেই পানির গাড়ি চেয়েছে। পরে তিনি বাধ্য হন দাবি করা পুরো টাকা দিতে। ৮/এ সড়কের বাসিন্দা রুহুল আমিন বলেন, অতিরিক্ত দাম দেওয়ার পর রসিদ চাইলেও দেওয়া হয়নি। তিনি সন্দেহ প্রকাশ করেন, পানির নির্ধারিত মূল্য ৫০০ টাকাও হয়তো ওয়াসার তহবিলে যাবে না।
ওয়াসার বেইলি রোডের নিয়ন্ত্রণকক্ষে যোগাযোগ করা হলে কর্মকর্তারা প্রথম আলোকে জানান, পানির দাম বেশি নেওয়ার ব্যাপারে লিখিত অভিযোগ করতে হবে। লিখিত অভিযোগ করা হলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এখনো কেউ লিখিত অভিযোগ করেননি।
৯/এ সড়কের ২৮ নম্বর বাড়ির সামনে দেখা যায়, ভ্যান গাড়িতে পানির জারিকেন নিয়ে যাচ্ছেন আবদুর রহমান। বাড়িতে বাড়িতে বিক্রি হবে এসব জারিকেন। ভ্যানচালক বলেন, গত কয়েক দিনে নিয়মিতই পানি দিয়ে আসতে হচ্ছে। আরও অনেক ভ্যান এভাবে পানি সরবরাহ করছে। ২৮ নম্বর বাড়ির তত্ত্বাবধায়ক মনোয়ার হোসেন বলেন, জারিকেনে পানির ওপরই নির্ভরশীল বাড়ির সব ফ্ল্যাটের বাসিন্দারা।
পার্শ্ববর্তী একটি বাড়িতে ভাড়া থাকেন মো. সোলায়মান। তিনি বলেন, পানির অভাবে ভালোভাবে অজু পর্যন্ত করা যাচ্ছে না। বাড়তি দামে প্রতিদিন ৬০ লিটার পানি কিনতে হচ্ছে। ওয়াসার গাড়ির ওপর ভরসা নেই। ৯/এ সড়কের অন্তত আটজন বাসিন্দা অভিযোগ করেন, কিছু সড়কের বাসাবাড়িতে বেশ কয়েক দিন পানি ছিল না। তাঁরা জানতে পেরেছেন, ওয়াসার কর্মচারীদের সাহায্যে পানির চাবি ঘুরিয়ে দেওয়া হয়েছে।
ওয়াসার নির্বাহী প্রকৌশলী অবশ্য বলেন, চাবি ঘোরানোর বিষয়টি বাসিন্দাদের কাল্পনিক। ঠিক কবে নাগাদ এলাকায় পানি সরবরাহ স্বাভাবিক হবে, জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা যথাসাধ্য চেষ্টা করছি।’