ধানমন্ডির বাণিজ্যিক প্রতিষ্ঠান সরাতে হাইকোর্টের নির্দেশ
ধানমন্ডি আবাসিক এলাকা থেকে অননুমোদিত বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো সরিয়ে নিতে বলেছেন হাইকোর্ট। তবে ইতিপূর্বে বাণিজ্যিক এলাকা হিসেবে ঘোষণা করায় ধানমন্ডি-২, ২৭ নম্বর সড়ক, সাতমসজিদ ও মিরপুর সড়কের বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হবে না। আর আবাসিক এলাকার মর্যাদা ফিরিয়ে আনতে ও পরিবেশ রক্ষায় এ প্রতিষ্ঠানগুলো সরিয়ে নিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ব্যক্তিকে সময় দিয়ে নোটিশ দিতে বলা হয়েছে। একটি রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে গতকাল সোমবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি ফরিদ আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। ধানমন্ডি আবাসিক এলাকার বৈশিষ্ট্য রক্ষার নির্দেশনা চেয়ে সেখানকার দুই বাসিন্দা এম এ মাসুদ এবং এম এ মতিন হাইকোর্টে গত বছরের ফেব্রুয়ারিতে রিট আবেদন করেন। প্রাথমিক শুনানি নিয়ে একই বছরের ২ ফেব্রুয়ারি হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ রুল জারি করেন। একই সঙ্গে ধানমন্ডি আবাসিক এলাকায় নতুন স্কুল, কলেজ ও ব্যবসাপ্রতিষ্ঠান স্থাপন ও অনুমোদনের ওপর অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দেওয়া হয়। রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে গতকাল আদালত এ রায় দেন। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান ও সহকারী অ্যাটর্নি জেনারেল নূসরাত জাহান। ধানমন্ডির ম্যাপললিফ স্কুলের পক্ষে শুনানি করেন আইনজীবী এম আমীর-উল ইসলাম ও রোকনউদ্দিন মাহমুদ। সঙ্গে ছিলেন আইনজীবী মনিরুজ্জামান আসাদ। রায়ের ব্যাপারে মনজিল মোরসেদ প্রথম আলোকে বলেন, ধানমন্ডি আবাসিক এলাকা থেকে সব বাণিজ্যিক প্রতিষ্ঠান সরিয়ে নিতে রাজউকের প্রতি নির্দেশ দিয়েছেন আদালত। ধানমন্ডি এলাকায় ম্যাপললিফ ইন্টারন্যাশনাল স্কুলের ১১টি শাখা রয়েছে। তিন বছরের মধ্যে স্কুলের শাখাগুলো একত্র করে অন্যত্র সুবিধাজনক জায়গায় সরিয়ে নিতে বলা হয়েছে। শাখাগুলো স্থানান্তর না করা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় স্কুল কর্তৃপক্ষকে নিজস্ব লোকবলের মাধ্যমে যানজট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।ধানমন্ডি আবাসিক এলাকায় ভবিষ্যতে সিটি করপোরেশন বা রাজউককে কোনো ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠানের অনুমোদন না দিতে বলা হয়েছে। তবে মোখলেছুর রহমান বলেন, আদালত আবাসিক এলাকায় থাকা বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো অননুমোদিত হলে তা সরিয়ে নিতে সময় দিয়ে যথাযথ পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। এ ছাড়া ম্যাপললিফ স্কুলের ১১টি শাখা তিন বছরের মধ্যে একসঙ্গে আনতেও বলা হয়েছে। আবার মনিরুজ্জামান আসাদ বলেন, ধানমন্ডি ১১(এ) নম্বর সড়কে ম্যাপললিফ স্কুলের শাখাটি তিন বছরের মধ্যে স্থানান্তরের জন্য স্কুল কর্তৃপক্ষের প্রতি নির্দেশ দিয়েছেন। স্কুলের সব শাখা একত্র করতেও পর্যবেক্ষণ দিয়েছেন আদালত।