ধানমন্ডির ব্যবসায়ী হাসান খালেদ হত্যা মামলা ডিবিতে
নিরুদ্দেশের পর বুড়িগঙ্গা থেকে ব্যবসায়ী মো. হাসান খালেদের (৫৪) লাশ উদ্ধারের ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। নিহত হাসান খালেদের ছোট ভাই মুরাদ হাসান বাদী হয়ে ধানমন্ডি থানায় মামলাটি করেছেন। গতকাল মঙ্গলবার মামলাটি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগে (ডিবি) স্থানান্তর করা হয়েছে।
ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) খায়রুল বাশার বলেন, অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলাটি করা হয়। অজ্ঞাত কেউ হাসান খালেদকে হত্যা করে লাশ গুমের চেষ্টা করেছিল বলে এজাহারে সন্দেহ করা হয়েছে। তিনি বলেন, ২ জুলাই রাতে মামলাটি নথিভুক্ত হয়। পরদিন ডিএমপি কমিশনার অধিকতর তদন্তের জন্য মামলাটি ডিবিতে স্থানান্তরের নির্দেশ দেন। মামলার এজাহারে গতকাল মামলাটি বুঝে পেয়েছেন বলে ডিবি ও মামলার তদন্ত কর্মকর্তা নেওয়াজ উদ্দিন জানিয়েছেন।
ডাচ্-বাংলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি হাসান খালেদ গত ২৩ জুলাই সকাল সাড়ে আটটার দিকে তাঁর ধানমন্ডির ৪/এ নম্বর সড়কের বাসা থেকে বের হন। এরপর তাঁর আর কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে ওই দিন রাতে হাসান খালেদের সন্ধান পাওয়া যাচ্ছে না জানিয়ে ধানমন্ডি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। ২৬ জুলাই কামরাঙ্গীরচর ও কেরানীগঞ্জ থানার মাঝামাঝি খোলামোড়া ঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে হাসান খালেদের লাশ পাওয়া যায়।
পরিবারের দাবি, হাসান খালেদ নিখোঁজ হওয়ার সময় তাঁর সঙ্গে দুটি মুঠোফোন ছিল। ধানমন্ডি থানার পুলিশ জানিয়েছে, বাসা থেকে বের হওয়ার পরপরই সকাল ৮টা ৩৩ মিনিটে বাসার সামনেই হাসান খালেদের মুঠোফোন দুটি বন্ধ হয়ে যায়। এরপর তিনি কোথায় গেছেন তা আর শনাক্ত করা যায়নি। পুলিশ হাসান খালেদের মুঠোফোনের কললিস্ট পরীক্ষা করেও সন্দেহজনক কোনো তথ্য পায়নি।
তৈরি পোশাক ব্যবসায়ী হাসান খালেদ স্ত্রী ও এক মেয়েকে নিয়ে ধানমন্ডিতে থাকতেন। নিউ ইস্কাটনে ব্যবসায়িক কার্যালয় ও বসুন্ধরা সিটিতে তাঁর একটি পোশাক বিক্রির দোকান আছে। মুরাদ হাসান বলেন, ‘কেউ তাঁকে অপহরণের পর হত্যা করেছে বলে আমরা ধারণা করছি।’