ধানমন্ডির সিসা বারে অভিযান, মালিক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীরধানমন্ডি ২৭ নম্বরের একটি সিসা বারে গতকাল বৃহস্পতিবার রাতে যৌথ অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটির মালিককে গ্রেপ্তার করা হয়েছে। এলএইচএফ ফুড অ্যান্ড লাউঞ্জ নামের ওই সিসা বারের মালিক মোস্তফা ওয়ালিদ হোসেনকে আজ শুক্রবার বিচারিক হাকিম আদালতে হাজির করা হয়। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক আবুল হোসেনের নেতৃত্বে রাত নয়টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী হাকিম অমিতাভ পরাগ তালুকদার লাইসেন্স না করা এবং অপরিচ্ছন্ন পরিবেশে ভেজালমিশ্রিত খাবার পরিবেশনের জন্য মোস্তফা ওয়ালিদ হোসেনের কাছ থেকে তাত্ক্ষণিকভাবে ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করেন। অভিযানের সময় সিসা বারে মদ পাওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোহাম্মদপুর থানায় নিয়মিত মামলা হয়েছে।

অভিযানের সময় অভিযানকারীদের সঙ্গে থাকা মাদক পরীক্ষার কিট দিয়ে পরীক্ষা করে সিসার সঙ্গে গাঁজা, ইয়াবা বা অন্য কোনো মাদক মেশানোর প্রমাণ পাওয়া যায়নি এ সিসা বারে। প্রথমবার এ ধরনের অন্যায় করায় প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়নি বলে জানান ম্যাজিস্ট্রেট।

অভিযান পরিচালনাকারী দলের সঙ্গে প্রথম আলো ডটকমের এই প্রতিবেদকও উপস্থিত ছিলেন। অভিযানের সময় দেখা যায়, সিসা সেবনকারীদের উল্লেখযোগ্য সংখ্যকই ছিল শিশু। তারা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ছে। এ ছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরাও ছিলেন। অন্যদের মধ্যে আইনজীবী, ব্যবসায়ী, কলেজের শিক্ষকসহ বিভিন্ন পেশার লোকজনও সিসা সেবন করছিলেন।

অভিযানের পর শিশু-কিশোরদের কয়েকজনের অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করেন অভিযানকারী দলের সদস্যরা। অভিযানের শেষ পর্যায়ে অভিভাবকদের কাছ থেকে ‘সন্তান ভবিষ্যতে আর সিসা বারে যাবে না’, এ ধরনের  মুচলেকা নিয়ে শিশু-কিশোরদের ছেড়ে দেওয়া হয়। সিসাবারে উপস্থিত অভিভাবক এবং অন্যরা তাঁদের পরিচয় যাতে প্রকাশ না পায়, তার অনুরোধ জানাতে থাকেন।

মালিকের বক্তব্য: সিসা বারের মালিক মোস্তফা ওয়ালিদ হোসেন নিজেকে সুইডেনের নাগরিক বলে দাবি করেন। তিনি বলেন, সুইডেনে তিনি ২৪ বছর ধরে বসবাস করছেন। স্ত্রী ও সন্তানেরা সেখানেই থাকেন। জানুয়ারি মাস থেকে তিনি সিসা বার চালু করেছেন। তবে খাবারের দোকান ছিল আরও আগে থেকে। অভিযানের সময় যে মদ পাওয়া গেছে, তা তিনি নিজে খাওয়ার জন্য এনেছিলেন বলে দাবি করেন। তিনি প্রথম আলো ডটকমকে বলেন, ‘ফাস্টফুডের দোকানটি ভালো চলছিল না। ক্রেতারা এসে শুধু সিসা খোঁজেন। তাই ব্যবসার স্বার্থে সিসা বার চালু করি।’

সিসা বারের জন্য লাইসেন্স নিয়েছেন কি না, জানতে চাইলে মালিক বলেন, ‘আমার উকিলকে লাইসেন্স করতে দিয়েছিলাম। কিন্তু উকিল বলেছেন, সিসা বারের জন্য লাইসেন্স নিতে হয় না।’ সিসাবারে শিশুদের আসতে দেওয়া হয় না বলেও দাবি মালিকের।

অভিযানের সময় দেখা যায়, মালিক মোস্তফা ওয়ালিদ হোসেন ঢাকা সিটি করপোরেশন থেকে যে ট্রেড লাইসেন্স নিয়েছেন তা আদাবরের ঠিকানায় দেওয়া হয়েছে। এটি ২০১৩-১৪ বছরের জন্য নবায়নও করা হয়নি। এতে সিসা বারের কথাও লেখা নেই। নিয়ম অনুযায়ী হোটেল বা রেস্টুরেন্ট চালুর জন্য জেলা প্রশাসকের কার্যালয়ের অনুমোদন প্রয়োজন, তা-ও নেই।

রহস্যঘেরা পরিবেশ: এলএইচঅ্যাফ ফুড অ্যান্ড লাউঞ্জের নিচতলার সিঁড়ি থেকেই সিসার ঝাঁঝালো গন্ধ নাকে লাগে। তবে নিচতলা পর্যন্ত গেলে যাঁরা জানেন না, তাঁরা বুঝতেই পারবেন না ওপরের তলায় কী হচ্ছে। নিচতলায় জুসবার। দ্বিতীয় তলায় ফাস্টফুডের ব্যবস্থা। দোতলা থেকে ছোট কয়েকটি সিঁড়ি দিয়ে ওপরে গেলেই আলো-আঁধারি পরিবেশ। চারপাশ ধোঁয়ায় আচ্ছন্ন। চোখ জ্বালা করে। মাঝেমধ্যে লাল-নীল আলোর ঝলকানি। টেলিভিশনের বড়পর্দায় হিন্দি চ্যানেলে যৌন-উদ্দীপক গান বাজছে। ছোট ছোট টেবিলে চারজন বা ছয়জন করে বসা। বসার জায়গা এত কম যে, বসলে অন্যজনের সঙ্গে গা ঘেঁষে বসতে হয়। সবার টেবিলে সিসা, সঙ্গে পানীয় হিসেবে স্প্রাইট। ইন্টারনেট ব্যবহারের জন্য ওয়াই-ফাই ফ্রি। ‘অন্তরঙ্গভাবে’ বসার জন্য আলাদা একটি কক্ষও আছে।

বন্ধুর জন্মদিনের অনুষ্ঠান, পরের দিন (শুক্রবার) ছুটি উপভোগ বা প্রেমিক-প্রেমিকার সঙ্গে সময় কাটানোর জন্য অনেকে সিসা বারে যান। নামকরা একটি শিক্ষাপ্রতিষ্ঠানের একজন শিক্ষার্থী (তাঁর দাবি, জুলাই মাসে তাঁর ১৮ বছর হয়েছে) জানালেন, তিনি অভিজ্ঞতা নেওয়ার জন্যই এসেছেন। তাঁর দলের ছয়জন সদস্য জানালেন, সিসার দাম অনেক বেশি, কিন্তু এখানে এসে না খাওয়াটা স্ট্যাটাসের সঙ্গে যায় না বলেই তাঁরা সিসা নিয়েছেন। একটি সিসা নিয়ে কয়েকজনে ভাগ করে খাচ্ছেন।  সবাই মিলে বিল দেবেন।

দাম: সিসা বারের মূল্যতালিকা অনুযায়ী এলএফএইচ স্পেশাল সিসার দাম ৭০০ টাকা। আপেল, স্ট্রবেরি, চকোলেট, কমলা, বাবলগাম, আমসহ বিভিন্ন স্বাদের জন্য ভিন্ন ভিন্ন দাম। এর সঙ্গে ভ্যাট নেওয়া হচ্ছে ১৫ শতাংশ। সিসার সঙ্গে মেশানোর জন্য বিভিন্ন ফ্লেভার দুবাই, সুইডেনসহ বিভিন্ন দেশ থেকে আনা হয়েছে বলে দাবি করেন মালিক। তবে এসব পণ্যে বিএসটিআইর কোনো অনুমোদন পায়নি অভিযান পরিচালনাকারী দল।

সিসা কি অবৈধ?:  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, সিসাকে মাদক হিসেবে গণ্য করার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। তবে প্রজ্ঞাপন জারি হয়নি। সিসার ব্যবহার তদন্তের জন্য গত ২৫ ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে (প্রশাসন) সভাপতি করে আট সদস্যবিশিষ্ট একটি বিশেষজ্ঞ বোর্ড গঠন করা হয়েছে। মার্চে অনুষ্ঠিত জাতীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বোর্ডের ত্রয়োদশ সভায় সিসার জন্য গঠিত বিশেষজ্ঞ বোর্ডের সদস্য চিকিত্সক অরূপ রতন চৌধুরী ব্রিটেনের ‘ল্যানসেট’ জার্নালে প্রকাশিত তথ্যের উদাহরণ দিয়ে বলেন, একবার সিসা গ্রহণে যে পরিমাণ নিকোটিন গ্রহণ করা হয়, তা ১০০টি সিগারেটের সমপরিমাণ। সিসা সিগারেটের চেয়েও মারাত্মক ক্ষতিকর। সিসার সঙ্গে অন্যান্য মাদকের সংমিশ্রণ হচ্ছে। তাই এর যথেচ্ছ ব্যবহার বন্ধের সুপারিশ করেন তিনি।

সভায় এ বোর্ডের আরেকজন সদস্য সাংসদ তারানা হালিম বলেন, বর্তমানে নগরের অভিজাত এলাকার সিসা লাউঞ্জ বারগুলো উচ্ছৃঙ্খলতার প্রতীকে পরিণত হয়েছে। এসব বার দ্রুত পরিদর্শন করে সিসার বিভিন্ন নমুনার রাসায়নিক পরীক্ষা দ্রুত সম্পন্ন করার প্রতি জোর দেন তিনি।
গুলশান, বনানীর বিভিন্ন সিসাবারে অভিযানে  প্রমাণ পাওয়া গেছে, সিসার সঙ্গে গাঁজা, ইয়াবাসহ বিভিন্ন মাদক মেশানো হচ্ছে। সেসব সিসা বারের মালিক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের জরিমানাসহ বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

প্রভাবশালীদের তদবির: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ইকবাল টেলিফোনে প্রথম আলো ডটকমকে বলেন, সিসা বার পরিচালনাকারীদের সঙ্গে প্রভাবশালীদের আঁতাত আছে। তাই সিসা বারে অভিযানের সময় প্রভাবশালীদের তদবিরে অতিষ্ঠ হয়ে মুঠোফোন ও টেলিফোনের লাইনের সংযোগ বিচ্ছিন্ন করে রাখতে হয়। আর মাদকের ৪০ শতাংশ মামলার আসামি খালাস পেয়ে যাচ্ছেন বলেও তিনি জানান।

বৃহস্পতিবার রাতে অভিযান চলাকালে মহাপরিচালকের কথার সত্যতা পাওয়া যায়। সরকারি দলের সমর্থকদের কয়েকজন সরাসরি সিসা বারে এসে তদবির চালাতে থাকেন। আওয়ামী লীগের বড় একজন নেতা ফোন করেছেন বলে অভিযান পরিচালনাকারী দলের সদস্যদের সঙ্গে কথা বলার জন্য অনুরোধ করেন কেউ কেউ। তবে অভিযান পরিচালনাকারী দলের সদস্যরা তা এড়িয়ে যান। বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব বা উচ্চপর্যায়ে যাঁরা আছেন, তাঁরাও টেলিফোনে তাঁদের সন্তানকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ জানাতে থাকেন।

বৃহস্পতিবার রাতে সিসা বারের মালিককে গ্রেপ্তারের পর জজকোর্টের প্যানেল ল-ইয়ার হিসেবে দাবি করা চৌধুরী হাসান মো. আবদুল্লাহ সিসা বারের দায়িত্ব বুঝে নেন। তিনি সরকার দলীয় একজন কর্মী। তবে তিনি তাঁর পদবি প্রকাশ করতে অনীহা প্রকাশ করেন।