ধানমন্ডির ৩২ নম্বরের বাড়ি ক্ষুদ্র এক বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধানমন্ডির ৩২ নম্বর সড়কের বাড়ি কেবল একটি বাড়ি নয়; এটি ক্ষুদ্র পরিসরের একটি বাংলাদেশ। যত দিন দেশ থাকবে, তত দিন বাড়িটি বাঙালি জাতির তীর্থস্থান হয়েই থাকবে।
গতকাল মঙ্গলবার বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে ৩২ নম্বরের বাড়ি ও সুধা সদন: যে ইতিহাস সবার জানা দরকার বইটির প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। বইটির লেখক এম নজরুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর সুধা সদনকে গণতন্ত্র পুনরুদ্ধার ও স্বৈরাচারবিরোধী আন্দোলনের সূতিকাগার বলে মন্তব্য করে এ আন্দোলনে নিজের সম্পৃক্ততার বর্ণনা দেন। তিনি বলেন, শেখ হাসিনা সুধা সদন থেকেই আন্দোলন-সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন। তিনি রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হয়ে নতুন প্রত্যয়ে বাংলাদেশকে নতুন আলোয় নিয়ে যাচ্ছেন।
সভাপতির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান বলেন, বঙ্গবন্ধু সম্পর্কে অনেক কুৎসা রটানো হয়েছে, কিন্তু মানুষের মনে তাঁর প্রভাব পড়েনি। মানুষ তাঁকে মনে রেখেছে। তিনি একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র দিয়ে গেছেন। তিনি বলেন, বঙ্গবন্ধুর মৃত্যুর পর তাঁকে ভুলিয়ে দিতে চেষ্টা করা হয়। ধানমন্ডির ৩২ নম্বর মুছে দিতে সেখানকার সড়কগুলোর নতুন নাম বদলে ফেলা হয়। কিন্তু ৩২ নম্বর মানুষ মনে রেখেছে। ইতিহাস মুছে ফেলা যায় না।
দৈনিক জনকণ্ঠের উপদেষ্টা সম্পাদক তোয়াব খান বলেন, বঙ্গবন্ধু হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি এ কারণে যে তিনি একমাত্র সফল বাঙালি, যিনি একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ৩২ নম্বর ছিল বাঙালি জাতির সদর দপ্তর। বঙ্গবন্ধু অত্যন্ত কষ্ট করে এ বাড়ি নির্মাণ করলেও তিনি বেশি দিন এ বাড়িতে থাকতে পারেননি। ষাটের দশকে বেশির ভাগ সময় তাঁকে জেলে থাকতে হয়েছে। ’৭৫-এর ১৫ আগস্ট তাঁকে সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয়।
অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, সাংবাদিক আবেদ খান, শিল্পী হাশেম খান, ইতিহাসবিদ মুনতাসীর মামুন, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, সাংবাদিক শফিকুর রহমান, লেখক নজরুল ইসলাম এবং বইটির প্রকাশক আহমেদ মাহফুজুল হক।