কুষ্টিয়া কালেক্টরেটের এলএ শাখায় কয়েকটি প্রকল্পে ভূমি অধিগ্রহণে দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। ভেড়ামারা-খুলনা গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণ প্রকল্পে ধানি জমিকে বসতভিটা দেখিয়ে কয়েক কোটি টাকা তছরুপ করা হয়েছে।
বিষয়টি তদন্ত করে কুষ্টিয়া জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন গত ৪ জুন দুর্নীতিতে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ভূমি মন্ত্রণালয়ে লিখিত প্রতিবেদন পাঠিয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, কুষ্টিয়া কালেক্টরেটের এলএ শাখার কানুনগো রেজাউল ইসলাম (বর্তমানে যশোরের অতিরিক্ত ভূমি হুকুম দখল কর্মকর্তা) ভূমির মালিকদের সঙ্গে যোগসাজশ করে এই দুর্নীতি করেছেন।
জানতে চাইলে সৈয়দ বেলাল হোসেন প্রথম আলোকে বলেন, কয়েক বছরে এলএ শাখায় ভূমি অধিগ্রহণে দুর্নীতি করে সরকারের কোটি কোটি টাকা তছরুপ করেছে একটি চক্র। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ভূমিসচিবকে চিঠি দেওয়া হয়েছে। টাকা ফেরত চেয়ে সার্টিফিকেট মামলাও করা হয়েছে।
অভিযোগ প্রসঙ্গে রেজাউল ইসলাম বলেন, অনেক আগের রেকর্ডে ধানি জমি থাকলেও পরবর্তী সময়ে জমির শ্রেণী পরিবর্তন হয়। অধিগ্রহণের সময় প্রশাসন ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সিদ্ধান্তে ভিটা জমির দাম নির্ধারণ করা হয়েছিল। সে ক্ষেত্রে কোনো অনিয়ম করা হয়নি।
প্রতিবেদন সূত্রে জানা গেছে, ভেড়ামারা-খুলনা গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণ প্রকল্পে কুষ্টিয়া সদর, ভেড়ামারা ও মিরপুর উপজেলায় ৩১টি মৌজার ২০০৯-১০ অর্থবছরে এলএ কেসের মাধ্যমে ৮৭ দশমিক ৪০ একর ভূমি অধিগ্রহণ ও ২০১০-১১ অর্থবছরে হুকুম দখল কেসের মাধ্যমে ১৫২ দশমিক ৩০৭ একর ভূমি অস্থায়ী হুকুম দখল করা হয়।
জেলা প্রশাসনের তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তিন ধারার নোটিশ জারির মাধ্যমে এক বছরের মধ্যে বটতেল মৌজায় বিক্রি করা জমির দলিল সংগ্রহ করা হয়। ওইসব দলিলের মূল্যের ভিত্তিতে ২০১১ সালের ১১ সেটেম্বর মূল্যহার প্রতিবেদন ও ক্যালকুলেশন শিট প্রস্তুত করা হয়। মূল্যহার প্রতিবেদনসহ ৫০ শতাংশ ক্ষতিপূরণসহ ধানি শ্রেণীর জমি একরপ্রতি ১২ লাখ ৯৯ হাজার ৪৮০ টাকা এবং বাড়ি শ্রেণীর মূল্যে একরপ্রতি নির্ধারণ করা হয় ৭৪ লাখ ৫১ হাজার ৫৬৮ টাকা। তবে নিরূপণকৃত ধানি ও বাড়ি শ্রেণীর মূল্যহারের ভিত্তিতে ৬ দশমিক ৫২৪৯ একর ও শূন্য দশমিক ০৭১৫ একর জমির প্রাক্কলন প্রস্তুত না করে তাঁরা কালক্ষেপণ করেন। ওই প্রস্তাবে শূন্য দশমিক ০৭১৫ একর ভিটা শ্রেণীর জমি থাকলেও তার মূল্যহার প্রতিবেদন ও ক্যালকুলেশন শিট প্রস্তুত করা হয়নি যথাসময়ে।
দীর্ঘ এক মাসেরও বেশি সময় পর একই বছরের ২৪ অক্টোবর রেজাউল ইসলাম ও সার্ভেয়ার রবিউল ইসলাম ৬ দশমিক ৫৯৪৯ একর জমির স্থলে ৬ দশমিক ৫১০৯ একর জমির প্রাক্কলন প্রস্তুত করেন।
ওই জমির মধ্যে ইচ্ছামাফিক বিধিবহির্ভূতভাবে ৩ দশমিক ১১৭৯ একর ধানি জমি এবং ৩ দশমিক ৩৯৩ একর জমি বাড়ি দেখিয়ে প্রাক্কলন প্রস্তুত করেন। ৩ দশমিক ৩৯৩ একর জমি বাড়ি দেখানো হলেও এসব জমি ফসলি। এই ফসলি জমির বাজারমূল্য ৪৪ লাখ নয় হাজার ১৩৫ টাকা। তবে বাড়ি দেখিয়ে ব্যয় দেখানো হয় দুই কোটি ৫২ লাখ ৮৩ হাজার ১৭০ টাকা।